পুলিশের সঙ্গে ‘এনকাউন্টার’। আর তার পরই ধরা পড়লেন দিল্লির মডেল মুস্কানের হত্যাকাণ্ডের অভিযু্ক্ত জিম প্রশিক্ষক। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় রাজধানীর তিলকনগর এলাকায় বাড়িতে ঢুকে মডেল মুস্কানকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে জিম প্রশিক্ষক ইমরানের বিরুদ্ধে।
অভিযোগ পাওয়ার পরই বেশ কয়েকটি দল গঠন করে অভিযুক্তের খোঁজে নামে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রজৌরি গার্ডেন এলাকায় ইমরানের হদিস পায় তারা। তার পরই পুলিশের একটি দল ইমরানকে গ্রেফতার করতে যায়। পুলিশের দাবি, তাদের দেখে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। তাঁকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তিনি আত্মসমর্পণ না করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন। পাল্টা গুলি চালায় পুলিশও। অভিযুক্তের দু’পায়ে গুলি লাগে। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ইমরানের সঙ্গে মুস্কানের দেড় বছর ধরে পরিচয় ছিল। গত ২০ অগস্ট তাঁরা দু’জনে একটি হোটেলেও দেখা করেন। গত দু’মাস ধরে তাঁদের দু’জনের মধ্যে একটা টানাপড়েন চলছিল। মুস্কানকে অন্য এক যুবকের সঙ্গে কথা বলতে দেখায় ইমরানের ক্ষোভ আরও বাড়ে। বুধবার বাড়িতে একাই ছিলেন মুস্কান। সেই সময় সেখানে হাজির হন ইমরান। তাঁদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। অভিযোগ, তার পরই ছুরি দিয়ে মুস্কানের শরীরের একাধিক জায়গায় কোপান ইমরান। তার পর পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, মুস্কান দিল্লি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী।