Advertisement
E-Paper

জনপ্রিয় হরিয়ানভী গায়ক অঙ্কিত বালিয়ান খুন উত্তরপ্রদেশে! জিম থেকে বেরোতেই হামলা, ১৮ রাউন্ড গুলিতে ঝাঁঝরা

সমাজমাধ্যমে একটি পোস্ট প্রকাশ্যে এসেছে, যেখানে গোগী গ্যাংয়ের নামে অঙ্কিতকে খুনের দায় স্বীকারের দাবি করা হয়েছে। পোস্টটির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৬ ১২:০৬
হরিয়ানভী গায়ক অঙ্কিত বালিয়ান। ছবি: সংগৃহীত।

হরিয়ানভী গায়ক অঙ্কিত বালিয়ান। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের জনপ্রিয় হরিয়ানভী গায়ক তথা ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বুধবার সন্ধ্যায় শামলিতে জিমে গিয়েছিলেন তিনি। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেখান থেকে বেরোতেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পর পর প্রায় ১৮ রাউন্ড গুলি চালায়। গুলিতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন অঙ্কিত। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় ৭টায় গায়কের উপর হামলা হয়। তিন-চার জন দুষ্কৃতী জিমের বাইরে অপেক্ষা করছিল। অঙ্কিত জিম থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোতেই হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। কেন অঙ্কিতকে খুন করা হল, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। পুলিশ একাধিক সম্ভাব্য কারণ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে একটি পোস্ট প্রকাশ্যে এসেছে, যেখানে গোগী গ্যাংয়ের নামে অঙ্কিতকে খুনের দায় স্বীকারের দাবি করা হয়েছে। পোস্টটির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

গোগী গ্যাংয়ের এক সদস্য বলে পরিচিত ভোলু শাহপুরিয়ার একটি পোস্ট সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেখানে লেখা রয়েছে, ‘‘এটা সবে শুরু। সকলের পালা আসবে।’’ অঙ্কিতের মতো আরও ঘটনা ঘটবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, উত্তরপ্রদেশ পুলিশকেও চ্যালেঞ্জ ছুড়েছেন ভোলু (যদিও সেই সমাজমাধ্যম পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

পুলিশ জানিয়েছে, জিম সেরে বাড়ি ফেরার জন্য প্রস্তুত হচ্ছিলেন অঙ্কিত। জিম থেকে ২০-২৫ মিটার দূরেই তাঁর উপর হামলা চালানো হয়। ‘ভারি কোর্ট মে গোলি মারেঙ্গে’ গানের জন্য জনপ্রিয় হয়েছিলেন অঙ্কিত। খুনের কয়েক ঘণ্টা আগেও ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন তাঁর ‘মার্ডার মার দে সড়ক কে উপর’ গানের। অনুগামীদের কাছে জিজ্ঞাসাও করেন, গানটি কেমন হয়েছে, তা জানানোর জন্য। অঙ্কিতের হত্যাকাণ্ডের পর তাঁর পরিবার এবং অনুগামীরা দিল্লি-মুজফ্ফরনগর হাইওয়ে অবরোধ করেন। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।

শামলির বান্টিখেড়া গ্রামের বাসিন্দা অঙ্কিত। হরিয়ানভী গান গেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন খুব অল্প সময়েই। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা সাড়ে চার লক্ষ। ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা সাড়ে তিন লক্ষের বেশি। হরিয়ানাতেও বেশ জনপ্রিয় অঙ্কিত। গানের সুবাদে গত কয়েক বছর ধরে রোহতক এবং সোনীপতেই থাকতেন তিনি।

Uttar Pradesh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy