‘মন কি বাত’ তাঁর কাছে তীর্থযাত্রার চেয়ে কোনও অংশে কম নয় বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অক্টোবরের শেষ রবিবার ১৩৯তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্থানীয় জিনিস কেনার উপরে জোর দিয়েছেন। উদাহরণ হিসেবে বিহারের ‘মাখানা’ এবং কর্নাটকের ‘অরহর ডাল’-এর বিশ্বব্যাপী সুখ্যাতির কথাও তুলে ধরেন। আজ দিনব্যাপী ঠাসা কর্মসূচিতে নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে পোশাক কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ওড়িশার ভুবনেশ্বরে তিনি রিজ়ার্ভ ব্যাঙ্ক (আরবিআই)-এর ডেটা এন্ট্রি ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী মনে করেন, তাঁর কাছে ‘মন কি বাত’ দেশের সাধারণ মানুষের কঠোর পরিশ্রম, সাহস, অঙ্গীকার, নিষ্ঠা এবং সেবার মানসিকতা উদ্যাপনের এক অসাধারণ সুযোগ হয়ে উঠেছে। ভারতের শতাব্দীপ্রাচীন তীর্থযাত্রার ঐতিহ্যের সঙ্গে এই অনুষ্ঠানের তুলনা টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের দেশে শতাব্দীর পর শতাব্দী ধরে তীর্থযাত্রার ঐতিহ্য রয়েছে। আমার কাছে ‘মন কি বাত’ কোনও তীর্থযাত্রার চেয়ে কম নয়।” আজকের অনুষ্ঠানে পঞ্জাব ও উত্তরাখণ্ডের বেশ কয়েকটি জনউদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
নিজের নির্বাচনী কেন্দ্রে পোশাক উৎপাদন শিল্পের কারখানার উদ্বোধন করেছেন মোদী। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই কারখানায় আধুনিক উৎপাদন পদ্ধতির উপর গুরুত্ব দেওয়া হবে। এর ফলে বিশেষত মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হবে। কারখানার মহিলা কর্মীদের সঙ্গেও মোদী কথা বলেন আজ। বারাণসীতে আজ বড় রোড শো করেছেন প্রধানমন্ত্রী।