ঘোষণা আগেই করেছিলেন আন্দোলনকারী পড়ুয়ারা। সেইমতো ঝাড়খণ্ডের সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে সোমবার সকালে তাঁরা ‘বিধানসভা মার্চ’ শুরু করেন। অ্যাম্বুল্যান্সে চেপে সঙ্গী হন অনশনকারী দেবেন্দ্রনাথ মাহাতো। রাঁচীর পথে ব্যারিকেড টপকে প্রতিবাদীরা এগোতে থাকেন বিধানসভার দিকে। ভবন থেকে ৩ কিলোমিটার দূরে আটকে দেওয়া হয় মিছিল। সেখানেই বসে পড়েন প্রতিবাদীরা। পরে আবার ব্যারিকেড ভেঙে এগোতে থাকলে পুলিশ জলকামান ছোড়ে বলে অভিযোগ। তা অগ্রাহ্য করেই প্রতিবাদীরা এগোতে থাকেন বিধানসভার দিকে।
অন্য দিকে, পড়ুয়াদের মতোই পরীক্ষা-দুর্নীতিতে সিবিআই তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মরাণ্ডী, বিজেপি নেতা আদিত্য সাহু-সহ বিজেপি কর্মীরা। তাঁদের আটক করে পুলিশ। ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য সোনুর অভিযোগ, আন্দোলনকে ভুলপথে চালিত করছে বিজেপি।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) সরকারের সঙ্গে তিন দফার বৈঠক ভেস্তে গিয়েছে পড়ুয়াদের। তাঁদের দাবি, নিয়োগ পরীক্ষায় অনিয়মের তদন্ত করাতে হবে সিবিআই-কে দিয়েই। সব ক’টি নিয়োগ পরীক্ষা বাতিল করতে হবে। পরীক্ষাপদ্ধতির সংস্কারও করাতে হবে। হেমন্তের সরকার সব দাবি মানেনি। তারা জানিয়েছে, পড়ুয়াদের ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। তার পরেই আন্দোলনকারীরা সোমবার পুরনো বিধানসভা থেকে নতুন বিধানসভা পর্যন্ত মিছিল করে যাওয়ার ডাক দেন। শান্তিপূর্ণ ভাবে সেই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান ঝাড়খণ্ডের সব জেলার পড়ুয়া এবং অভিভাবকদের। সেই মতো সোমবার হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে মুখে স্লোগান দিতে দিতে এগোতে থাকেন পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, পথে ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বেশ কিছু ছবি, ভিডিয়োতে দেখা গিয়েছে, সেই ব্যারিকেডের মাথায় উঠে পড়েছেন আন্দোলনকারীরা (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)।
সূত্রের খবর, আধ ঘণ্টা মিছিল চলার পরে বিধানসভা কমপ্লেক্স থেকে ৩ কিলোমিটার দূরে জগন্নাথ মন্দিরের কাছে আটকানো হয় আন্দোলনকারীদের। সেখানেই তাঁরা বসে পড়েন। তাঁদের সঙ্গে অ্যাম্বুল্যান্সে চেপে এসে যোগ দেন অনশনকারী ছাত্র দেবেন্দ্রনাথ। গত আট দিন ধরে অনশন করছেন তিনি। সূত্রের খবর, ১০ কেজি ওজন কমেছে তাঁর। প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের একটি ছবি হাতে নিয়ে অনশনে যোগ দেন তিনি। প্রতিবাদীরা সমস্বরে স্লোগান তোলেন, দাবি পূরণ না হলে প্রতিবাদ চলবে। এর পরে ব্যারিকেড ভেঙে আবার এগোনোর চেষ্টা করলে পুলিশ জলকামান ছোড়ে বলে অভিযোগ।
অন্য দিকে, নিয়োগ পরীক্ষায় দুর্নীতির তদন্তের দাবিতে হেমন্তের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন বাবুলাল, আদিত্যেরা। পুলিশ এসে তাঁদের আটক করে ভ্যানে তোলে বলে অভিযোগ। মারাণ্ডি জানান, গত দু’সপ্তাহ ধরে প্রতিবাদ করছেন পড়ুয়ারা। সরকার কানে তুলছে না। ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা (জেএলকেএম) বিধায়ক জয়রামকুমার মাহাতোর অভিযোগ, হেমন্তের সরকার পড়ুয়াদের দাবি মেটাতে ব্যর্থ হয়েছে। ঝাড়খণ্ডের মন্ত্রী দীপিকা পাণ্ডে জানান, সরকার পড়ুয়াদের প্রায় সব দাবি মেনে নিয়েছে। নিয়োগ পদ্ধতিতে সংস্কার আনার ক্ষেত্রে পরিকল্পনাও রয়েছে। ঝাড়খণ্ড এসএসসি-সিজিএল বাতিলের যে দাবি পড়ুয়ারা করেছেন, তার সঙ্গে জড়িত রয়েছে কোর্টের নির্দেশ। তাই সরকার সেই নিয়ে একক ভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারে না। পড়ুয়ারা শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করলে জলকামান বা লাঠি চালানো হবে না বলেও জানিয়েছেন মন্ত্রী। যদিও আন্দোলনকারীদের লক্ষ্য করে জলকামান ছোড়া হয়েছে বলে অভিযোগ।