Advertisement
E-Paper

কনফার্মড টিকিটের প্রতিশ্রুতি দিয়ে রৌরকেল্লা স্টেশনে যুবতীকে ধর্ষণ! বরখাস্ত করা হল অভিযুক্ত রেলকর্মীকে

অভিযুক্ত রেলকর্মী যুবতীকে কনফার্মড টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তার পরেই রেল আধিকারিকদের বিশ্রামকক্ষের কাছে একটি ঘরে নিয়ে গিয়ে ওই যুবতীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭

—প্রতীকী চিত্র

কনফার্মড টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠল রেলকর্মীর বিরুদ্ধে। ওড়িশার রৌরকেল্লা স্টেশনের এই ঘটনায় অভিযুক্ত রেলকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কপিলেশ্বর সিংহ নামের ওই রেলকর্মীকে চাকরি থেকে বরখাস্তও করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দুই তুতো ভাইকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরু যাচ্ছিলেন বছর একুশের ওই যুবতী। ওই তিন জন প্রথমে তিতলাগড় স্টেশন থেকে হাতিয়া-যশবন্তপুর এক্সপ্রেস ধরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ভুল করে অন্য একটি ট্রেনে উঠে রৌরকেল্লা স্টেশনে পৌঁছে যান। বৃহস্পতিবার সকালে তাঁরা রৌরকেল্লা স্টেশনে পৌঁছোন। সেখান থেকে কনফার্মড টিকিট কেটে বেঙ্গালুরু যেতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু কনফার্মড টিকিট পাননি।

অভিযোগ, অভিযুক্ত রেলকর্মী ওই তিন জনকে কনফার্মড টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তার পরেই রেল আধিকারিকদের বিশ্রামকক্ষের কাছে একটি ঘরে নিয়ে গিয়ে ওই যুবতীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এ-ও অভিযোগ যে, ঘটনার কথা জানালে ফল খারাপ হবে বলে হুমকি দেন অভিযুক্ত। অভিযোগকারিণীর মুখ বন্ধ করতে ২০০০ টাকা দেওয়ারও প্রস্তাব দেন।

অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, রেলকর্মী তাঁকে ফের ধর্ষণ করার চেষ্টা করছিলেন। সেই সময় কোনওমতে তিনি পালিয়ে যান। ঘটনার কথা জানান তাঁর ভাইদের। তার পরেই দুই যুবক জিআরপি-র কাছে বিষয়টি জানান। শুক্রবার ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান নথিভুক্ত করবেন ওই তরুণী।

এই ঘটনা প্রসঙ্গে রেলের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার আদিত্য চৌধরী জানান, অভিযুক্ত ভাল্‌ভ অপারেটর হিসেবে কাজ করতেন। অভিযোগ পাওয়ার পরেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। অবসরকালীন সুযোগসুবিধাও তিনি পাবেন না। রেল কর্তৃপক্ষের তরফে তদন্তে সবরকম সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Rourkela Odisha Rape

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy