Advertisement
E-Paper

ভারতে বুলেট ট্রেন চলতে শুরু করতে পারে সামনের বছরেই! কাজ কত দূর এগিয়েছে জানিয়ে ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

ভারতের প্রথম বুলেট ট্রেন ছুটবে মুম্বই এবং অহমদাবাদের মধ্যে। তবে এক বারে পুরোপথে ট্রেন চালু হবে না। ধাপে ধাপে এই পথে ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে রেলের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫১
Railway Minister Ashwini Vaishnaw said that India-made Bullet Train body frame ready

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বুলেট ট্রেন কবে ছুটবে ভারতে, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মনেই। সেই বিষয়ে এ বার আলোকপাত করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে অগস্ট-সেপ্টেম্বরের মধ্যেই ভারতে বুলেট ট্রেন চলতে শুরু করতে পারে। বুলেট ট্রেন তৈরির কাজ কত দূর এগিয়েছে, তা-ও জানিয়েছেন রেলমন্ত্রী।

ভারতের প্রথম বুলেট ট্রেন ছুটবে মুম্বই এবং অহমদাবাদের মধ্যে। তবে এক বারে পুরোপথে ট্রেন চালু হবে না। ধাপে ধাপে এই পথে ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে রেলের। সেইমতো কাজও এগোচ্ছে। প্রথম ধাপে গুজরাতের সুরত থেকে বিলিমোরা পর্যন্ত ছুটবে বুলেট ট্রেন। এই পথটি ৫০ কিলোমিটার দীর্ঘ। গুজরাতে এক অনুষ্ঠানে রেলমন্ত্রী বুলেট ট্রেন চালুর ব্যাপারে আশার বাণী শোনান।

অশ্বিনীর কথায়, ‘‘দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের কাঠামো তৈরির কাজ দু’দিন আগেই শেষ হয়েছে। এ বার স্কুইজ় টেস্ট হবে।’’ এই পরীক্ষার মাধ্যমে ট্রেনের বগির কাঠামোর সক্ষমতা যাচাই করা হয়। নবনির্মিত কাঠামো কতটা ‘লোড’ নিতে পারছে, তা পরীক্ষা করে দেখেন ইঞ্জিনিয়ারেরা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই ওই বগি পরীক্ষামূলক ভাবে চালানো হয় ট্র্যাকে। রেলমন্ত্রী আশাবাদী, পরের বছর মে মাসে বুলেট ট্রেনটিকে পরীক্ষামূলক ভাবে চালানো হতে পারে।

রেলমন্ত্রী বলেন, ‘‘আগামী বছরের মে বা জুন মাসের মধ্যে ভারতের নিজস্ব বুলেট ট্রেন পরীক্ষামূলক ভাবে চালানো হবে। দুই থেকে চার মাস পরীক্ষামূলক যাত্রার পর প্রধানমন্ত্রী বুলেট ট্রেনটির উদ্বোধন করবেন।’’ অশ্বিনী জানান, বুলেট ট্রেন চালু হলে বডোদরা থেকে মুম্বইয়ে দেড় ঘণ্টায় পৌঁছোনো যাবে।

২০১৭ সালের অক্টোবরে গুজরাতের সাবরমতী স্টেশন থেকে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে। তখনই জানা যায়, প্রায় ১ লক্ষ ৮ হাজার কোটি টাকা খরচ হবে এই মুম্বই-অহমদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে।

Bullet Train Ashwini Vaishnaw

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy