আজ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরে শুরু হল আরএসএসের তিন দিনের অখিল ভারতীয় কার্যকরী মণ্ডল বৈঠক। সূত্রের মতে, বছরব্যাপী একশো বছর পূর্তি অনুষ্ঠানের পর্যালোচনা ছাড়াও গোটা দেশে সংগঠনের শক্তি বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ছাড়া সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আরএসএসের অখিল ভারতীয় প্রতিনিধি সভা (এবিপিএস) হওয়ার কথা রয়েছে আগামী মার্চ মাসে। প্রতি তিন বছর অন্তর নির্বাচন হয়ে থাকে এবিপিএসে। আগামী বছর এবিপিএসে দলের সরকার্যবাহ হিসাবে দত্তাত্রেয় হোসবলে তৃতীয় বার নির্বাচিত হবেন, না কি নতুন কেউ দায়িত্ব নেবেন সেই সিদ্ধান্ত হবে মার্চে। তবে ইন্দোরের বৈঠকের পরে প্রতিটি রাজ্য-জেলা স্তরে সঙ্ঘচালকের নির্বাচন বা বেছে নেওয়ার কাজ শুরু হয়ে হবে। পরবর্তী ধাপে কেন্দ্রীয় প্রতিনিধিদের বেছে নেওয়া হবে। এবিপিএস বৈঠকে সরকার্যবাহ বেছে নেওয়ার ক্ষেত্রে তাঁদের ভোটাধিকার থাকবে। সূত্রের মতে, ২-৪ নভেম্বরের বৈঠকে এসআইআর তথা নির্বাচন কমিশন সংক্রান্ত বিতর্ক, অভিন্ন দেওয়ানি বিধি, ছাত্র বিক্ষোভের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।