Advertisement
E-Paper

মোদীর গড়ে ধাক্কা বিজেপির! বিধান পরিষদ ভোটে বারাণসীতে জোড়া আসনে জয়ের পথে এসপি

বারাণসীতে শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে জিতেছে সমাজবাদী পার্টি (এসপি)। এ ছাড়াও আগরা শিক্ষক, ঝাঁসী স্নাতক আসন নিজেদের দখলে রেখেছে তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১৫:২৫
(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ডান দিকে) অখিলেশ যাদব। ফাইল চিত্র।

(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ডান দিকে) অখিলেশ যাদব। ফাইল চিত্র।

উত্তরপ্রদেশে বিধান পরিষদ নির্বাচনে (এমএলসি) মোদী গড়ে ধাক্কা খেল বিজেপি। এই আসন নিজেদের দখলে রাখল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি)। ১১ আসনে দুই দলের মধ্যে জোর টক্কর চলছে। ইতিমধ্যেই ৫ আসনে জিতেছে বিজেপি। একটিতে এগিয়ে আছে। তিনটি আসনে জিতেছে এসপি। এগিয়ে দু’টিতে। যদিও নির্বাচন কমিশন এখনও পর্যন্ত ৬টি আসনের জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তার মধ্যে শিক্ষকদের জন্য সংরক্ষিত পাঁচটি আসন এবং একটি স্নাতকদের জন্য সংরক্ষিত আসন।

বারাণসীতে শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে জিতেছে এসপি। বারাণসীর শিক্ষক সংরক্ষিত আসনে বিজেপির প্রমোদকুমার মিশ্রকে ৪,৮৯৮ ভোটে হারিয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী লালবিহারী যাদব। উল্লেখ্য, ২০২০ সালের নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রমোদ হেরেছিলেন মাত্র ৯৩৬ ভোটে। এ বার ব্যবধান অনেকটাই বাড়িয়ে জয় পেলেন লালবিহারী। এ ছাড়াও আগরা শিক্ষক, ঝাঁসী স্নাতকও নিজেদের দখলে রেখেছে । বারাণসী স্নাতক এবং লখনউ স্নাতক— এই দুই আসনে এগিয়ে রয়েছে তারা । অন্য দিকে, বিজেপির পাঁচ জয়ী আসনের মধ্যে রয়েছে, মেরঠ শিক্ষক, মেরঠ স্নাতক, বরেলী শিক্ষক, লখনউ শিক্ষক এবং আগরা স্নাতক। এগিয়ে রয়েছে গোরক্ষপুর শিক্ষক আসনে।

লখনউ স্নাতক এবং বারণসী স্নাতক এই দুই আসনে এসপি প্রার্থী অনেকটাই এগিয়ে রয়েছেন। উল্লেখযোগ্য, আগরার শিক্ষক আসন বিজেপির দখলে ছিল। এ বার সেখানে জয় নিশ্চিত করল অখিলেশের দল।

বারাণসী কেন্দ্র বরাবরই বিজেপির অভেদ্য দুর্গ। ২০১৪ এবং ২০১৯ দু’বারই এই লোকসভা কেন্দ্র থেকে জিতেই প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। তার আগে এই কেন্দ্র থেকে দীর্ঘদিন জিতেছেন মুরলীমনোহর জোশী। ফলে বারাণসী বরাবরই বিজেপির ‘প্রেস্টিজ ফাইট’। বিজেপির শক্ত ঘাঁটি বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কেন্দ্রে বিরোধীদের এই জয় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত শুক্রবার রাজ্যে বিধান পরিষদের ১১টি আসনে নির্বাচন হয়। বুধবার ভোটগণনা চলছে। তাতে বিজেপি এবং এসপি-র মধ্যে জোর টক্কর চলছে।

উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র ও কর্নাটকে মোট ২৮ আসনে বিধান পরিষদ নির্বাচন হয়েছে। উত্তরপ্রদেশে ১১ টি আসন, বিহারে ৮, মহারাষ্ট্রে ৫ এবং কর্নাটকে ৪টি আসনে নির্বাচন হয়েছে। এই চার রাজ্যের নির্বাচনে হারের মুখে পড়তে হল কংগ্রেসকে। ঘটনাচক্রে, কর্নাটকে ক্ষমতায় থাকা সত্ত্বেও কংগ্রেস সেখানে কোনও আসন না পাওয়ায় রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। চারটি আসনেই জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি এবং জেডিএস-এর এনডিএ জোট। বিজেপি জয়ী তিনটি আসনে। একটিতে জেডিএস। যে তিন আসনে বিজেপি জিতেছে সেগুলি হল, নর্থ-ইস্ট টিচার্স, ওয়েস্ট গ্র্যাজুয়েটস এবং সাউথ-ইস্ট গ্র্যাজুয়েটস। জেডিএস জিতেছে বেঙ্গালুরু টিচার্স আসন।

Election

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy