শোভাযাত্রা করে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছিল বিশাল গণেশের মূর্তি। আচমকা ভেঙে পড়ল সেই মূর্তি। আর তার তলায় চাপা পড়ে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। শোভাযাত্রার আনন্দের সুর মুহূর্তে বদলে যায় বিষাদে। মুম্বইয়ের ওই ঘটনায় আরও পাঁচ জন গুরুতর আহত।
শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভুলেশ্বর এলাকায়। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, শোভাযাত্রা দেখতে রাস্তার দু’পাশে ভিড় করেছিলেন উৎসুক জনতা। উল্লাস, আতশবাজি পোড়ানো চলছিল। মূর্তি ভেঙে দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী। পরে একে একে পৌঁছোয় দমকল, অ্যাম্বুল্যান্স, বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) কর্মীরা।
আরও পড়ুন:
আপৎকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ শুরু হয়। শুধু তা-ই নয়, স্থানীয়দের মধ্যে যাতে কোনও বিশৃঙ্খলার সৃষ্টি না-হয়, সে দিকেও কড়া নজর ছিল পুলিশ-প্রশাসনের। বিএমসি সূত্রে খবর, গুরুতর জখম অবস্থায় অন্তত সাত জনকে জিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দু’জনকে মৃত ঘোষণা করেন। মৃতেরা হলেন সঙ্কেত নেভশে (৩৩) এবং হেমন্ত জোশী (৩০)। আহতদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে দু’টি নাবালিকাও রয়েছে।