কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত! ভারী বর্ষণে বিপর্যস্ত দেশের রাজধানী। পরিস্থিতি এমনই যে, জলমগ্ন দিল্লি বিমানবন্দরে নামতেই পারল না ১৫টি বিমান। আপৎকালীন পরিস্থিতিতে ১২টি বিমানকে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে, দু’টি বিমানকে চণ্ডীগড় বিমানবন্দরে আর একটি বিমানকে লখনউ বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।
রানওয়েতে জল দাঁড়িয়ে থাকার কারণে ২৫০টির বেশি বিমান দিল্লিতে যথাসময়ে অবতরণ করতে পারেনি। বেশ কয়েকটি বিমান ছাড়তেও দেরি করছে। এই পরিস্থিতিতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। তাঁদের ভোগান্তি আরও বাড়িয়েছে যানজট। রাস্তায় জল দাঁড়িয়ে থাকায় সঙ্গম বিহারের কাছে এমবি রোডে যান চলাচল কার্যত থমকে গিয়েছে। বিমানবন্দরমুখী রাস্তা ছাড়াও সাকেত কোর্ট এলাকায় খুব ধীর গতিতে যান চলাচল হচ্ছে।
আরও পড়ুন:
রবিবার দিল্লিতে ভ্যাপসা এবং দমবন্ধ আবহাওয়া ছিল। সোমবার ভোর থেকেই অবশ্য বৃষ্টি শুরু হয় রাজধানীতে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১৮ থেকে ২৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়। সবচেয়ে বেশি বৃষ্টি হয় দিল্লির ছতরপুর এলাকায়। ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফে দিল্লিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার সারা দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে দেশের রাজধানীতে। বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। গুরুগ্রাম এবং ফরিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে।