Advertisement
E-Paper

মাথার দাম ৩৯ লক্ষ! আঞ্চলিক কমিটির নেতা-সহ ১৬ মাওবাদীর আত্মসমর্পণ ঝাড়খণ্ডে, জমা দিলেন রাইফেল-কার্তুজ

ঝাড়খণ্ড পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন ১৬ জন মাওবাদী। তাঁদের মধ্যে এক জনের বিরুদ্ধে ঝাড়খণ্ডের বিভিন্ন থানায় ১২৮টি মামলা রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ১৪:৫৬
ঝাড়খণ্ডে মাওবাদীদের আত্মসমর্পণ।

ঝাড়খণ্ডে মাওবাদীদের আত্মসমর্পণ। ছবি: সংগৃহীত।

ঝাড়খণ্ড পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন ১৬ মাওবাদী। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন সিপিআই (মাওবাদ)-এর আঞ্চলিক কমিটির সদস্য সন্তোষ মাহাতো ওরফে বাসুদেব দা ওরফে দিলীপ। ১২৮টি মামলা রয়েছে তাঁর নামে। আত্মসমর্পণকারীদের মধ্যে ছ’জনের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৩৯ লক্ষ টাকা। তার মধ্যে সন্তোষের একারই মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা।

আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে সন্তোষ ছাড়াও রয়েছেন জ়োনাল কমিটির এক সদস্য। এ ছাড়া সাব-জ়োনাল কমিটির দু’জন এবং এরিয়া কমিটির দুই সদস্যও আত্মসমর্পণ করেছেন। ১৬ জনের এই দলে পাঁচ জন মহিলা। মঙ্গলবার সকালে পুলিশের কাছে গিয়ে তাঁরা আত্মসমর্পণ করেন। জমা দেন ছ’টি ইনসাস রাইফেল, দু’টি একে-৪৭ রাইফেল, ৩৮টি ম্যাগাজিন এবং প্রায় দেড় হাজার কার্তুজ। মাওবাদীদের এই আত্মসমর্পণকে একটি বড় সাফল্য হিসেবে ব্যাখ্যা করছেন ঝাড়খণ্ড পুলিশের ডিজি তাদাশা মিশ্র।

পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় বিভিন্ন থানা মিলিয়ে ১২৮টি মামলা রয়েছে সন্তোষের বিরুদ্ধে। গত মার্চে মনোহরপুর, ছোটনগর এবং ঝরিয়াকেলা থানার সীমানা সংলগ্ন এলাকার জঙ্গলে আইইডি বিস্ফোরণেও নাম জড়িয়েছিল তাঁর। ওই বিস্ফোরণে নিরাপত্তাবাহিনীর জঙ্গলযুদ্ধে পটু কোবরা ব্যাটালিয়নের এক জওয়ান জখম হন।

সন্তোষের সঙ্গে এ দিন আত্মসমর্পণ করেন মাওবাদীদের জ়োনাল কমিটির সদস্য চন্দন লোহরা। তাঁর বিরুদ্ধেও ৭৮টি মামলা রয়েছে বিভিন্ন থানায়। পুলিশ তাঁর মাথার দাম ঘোষণা করেছিল ১০ লক্ষ টাকা। এ ছাড়া সাব-জ়োনাল কমিটির দু’জনের প্রত্যেকের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা করে। এ ছাড়া আরও দু’জনের ২ লক্ষ টাকা করে মাথার দাম ঘোষণা করেছিল বাহিনী।

Maoists Jharkhand

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy