দিল্লির এক কারখানায় অগ্নিকাণ্ড। দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে।
জানা গিয়েছে, রবিবার বেলায় দিল্লির স্বরূপনগর এলাকায় একটি কারখানায় আগুন লাগে। ঘটনা নজরে আসতে স্থানীয়েরাই প্রথমে আগুন নেবানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। সময় যত গড়ায়, আগুনের তীব্রতাও তত বাড়তে থাকে। বাড়তে থাকে দমকলের ইঞ্জিনের সংখ্যাও।
শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও সেই সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়োয় দেখা যাচ্ছে, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ওই এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়ানোর আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন:
দিন কয়েক আগে দিল্লির সত্য নিকেতনে এক আবাসন ভেঙে সাত জনের মৃত্যু হয়। ওই আবাসনে পড়ুয়া ‘পেয়িং গেস্ট’ হিসেবে থাকতেন। ঘটনার পর থেকেই দিল্লি জুড়ে অবৈধ নির্মাণ ভাঙার ব্যাপারে তৎপর হয়েছে দিল্লি পুরসভা। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও এই ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার সেই দিল্লির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এল।