পোর্শেকাণ্ডের পর পুণেতে ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ারের। রবিবার প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন ইঞ্জিনিয়ার বীরেন্দ্র দ্বিবেদী। রাস্তা পার হওয়ার সময় একটি এসইউভি সজোরে তাঁকে ধাক্কা মারে। গাড়ির সামনে আটকে যান বীরেন্দ্র। ওই অবস্থায় তাঁকে বেশ কিছু দূরে টেনে নিয়ে যায় গাড়িটি। তার পর ছিটকে পড়েন বীরেন্দ্র। তিনি ছিটকে পড়তেই আবার গতি বাড়িয়ে পালিয়ে যান চালক।
পুলিশ সূত্রে খবর, গুরুতর জখন অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন বীরেন্দ্র। স্থানীয় কয়েক জন তাঁকে দেখার পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা বীরেন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন। চতুশ্রুঙ্গি থানার ইনস্পেক্টর ছায়া বোরকর জানিয়েছেন, বীরেন্দ্র হিঞ্জেনওয়াড়িতে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন।
বোরকর জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গাড়িটিতে চিহ্নিত করে দ্রুত চালককে গ্রেফতার করা হবে। উল্লেখ্য, গত দু’মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় দুর্ঘটনায় মৃত্যু হল পথচারীর। গত ১৯ জুলাই উদয় শশীকান্ত বীরমল নামে এক ফিটনেস প্রশিক্ষকের মৃত্যু হয়েছিল গাড়ির ধাক্কায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ মে পুণেতে বেপরোয়া ভাবে পোর্শে চালিয়ে দুই ইঞ্জিনিয়ারকে ধাক্কা মারার অভিযোগ ওঠে এক কিশোরের বিরুদ্ধে। সেই ঘটনায় গোটা দেশ তোলপাড় হয়েছিল।