দিল্লির স্বরূপনগরে কারখানার আগুন লাগোয়া বাড়িতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়ে বাসিন্দারা। প্রাণ বাঁচাতে অনেকেই দোতলা থেকে ঝাঁপ দেন। এই ঘটনায় শিশু এবং মহিলা-সহ ৬ জন আহত হয়েছেন।
রবিবার সকাল ১১টা নাগাদ স্বরূপনগরের ওই কারখানায় আগুন লাগে। জানা গিয়েছে, কারখানায় জুডোর পোশাক এবং বক্সিংয়ের গ্লাভস তৈরি হত। কিন্তু যে সময় আগুন লাগে, সেই সময় কারখানার ভিতরে কেউ ছিলেন না। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ১৫টি ইঞ্জিন। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সংবাদসংস্থা পিটিআই-কে দমকলের এক আধিকারিক বলেন, ‘‘কারখানার আগুন দ্রুত ছাড়াচ্ছিল। পাশেই একটি দোতলা বাড়ি রয়েছে। আগুন সেই বাড়িতেও ছড়াতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। তার পরই তাঁদের মধ্যে কয়েক জন দোতলা থেকে লাফ মারেন।’’ এই ঘটনায় আহত হন ছ’জন। স্থানীয়েরাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
দিন কয়েক আগে দিল্লির সত্য নিকেতনে এক আবাসন ভেঙে সাত জনের মৃত্যু হয়। ওই আবাসনে পড়ুয়ারা ‘পেয়িং গেস্ট’ হিসেবে থাকতেন। ঘটনার পর থেকেই দিল্লি জুড়ে অবৈধ নির্মাণ ভাঙার ব্যাপারে তৎপর হয়েছে দিল্লি পুরসভা। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও এই ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে রাজধানীর এক কারখানায় ভয়ানক অগ্নিকাণ্ড ঘটল।