অনেক দিন ধরে ডাইনি অপবাদ দিচ্ছিলেন শ্বশুর। শনিবার সেই বিবাদের জেরে পুত্রবধূকে কুড়ুলের বাড়ি মেরে খুন করলেন ৭২ বছরের নাগপুর-নিবাসী এক বৃদ্ধ।
মৃতার নাম লক্ষ্মী রবিশঙ্কর পালি। বয়স ৪২। পুলিশ সূত্রের খবর, শনিবার সকালে তিনি কাপড় ধুচ্ছিলেন। এমন সময় শ্বশুর নাথুলাল পালির সঙ্গে লক্ষ্মীর প্রবল কথা কাটাকাটি শুরু হয়। তার পরই রাগের মাথায় কুড়ুলের ঘায়ে পুত্রবধুর মাথা থেঁতো করে দেন প্রৌঢ় এবং নিজে বাড়ির লাগোয়া একটি কুয়োতে ঝাঁপ দেন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করা হয়। আপাতত নাথুলাল নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন:
অভিযুক্তের শরীর বেশ কিছু দিন যাবৎ ভাল যাচ্ছিল না। পুত্রবধূ তাঁর উপর কালো জাদুবিদ্যা প্রয়োগ করছেন, এমন অপবাদ দিচ্ছিলেন বৃদ্ধ। লক্ষ্মীর স্বামী তিন বছর আগে মারা যান। ছেলের মৃত্যুর জন্যও পুত্রবধূকেই দায়ী করছিলেন শ্বশুর। বেশ কয়েক দিন ধরে এই নিয়ে অশান্তি চলছিল, এমনটাই জানিয়েছে পুলিশ।
যশোধরা নগর থানার পুলিশ ইনস্পেক্টর ইউনুস শেখ বলেন, ‘‘আমরা ফোনে খবর পেয়েছিলাম এক প্রৌঢ় কুয়োতে পড়ে গিয়েছেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছোয় এবং দমকলের সাহায্যে তাঁকে উদ্ধার করে। দু’জনে আলাদা ঘরে থাকলেও বাড়িতে লক্ষ্মীর সঙ্গে প্রায়ই অশান্তি হত নাথুলালের। নিজের স্ত্রীর সঙ্গেও বনিবনা ছিল না বৃদ্ধের। শনিবারও কথা কাটাকাটি হচ্ছিল। ঘটনার জেরে কুড়ুল দিয়ে লক্ষ্মীর মাথায় আঘাত করেন নাথুলাল এবং তাতেই পুত্রবধূর মৃত্যু হয়।’’