লাদাখে ফেরার পথে শ্রীনগর থেকে কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন বিষয়ে বার্তা দিলেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে নিটের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত অভিযোগে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, তা যাতে বাস্তবায়িত হয়, সরকারের কাছে সেই আর্জি জানান তিনি।
তবে শুধুই পরীক্ষা নেওয়ার নিয়মকানুন বা কড়া আইন তৈরি করে সমস্যার সমাধান হবে না বলে দাবি সোনমের। দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকেই গোড়া থেকে উন্নত ও শক্তিশালী করে তোলার জন্য মোদী সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়াও, আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর তুলে নেওয়ার জন্যও আর্জি জানান।
বৃহস্পতিবার দিল্লি থেকে শ্রীনগর পোঁছেছেন সোনম। সেখানে আজ বিশ্রাম নিয়ে, আগামিকাল লাদাখের উদ্দেশে ফের রওনা দেবেন। শ্রীনগর যাওয়ার জন্য তিনি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বেছে নিয়েছিলেন। প্রথম বার দিল্লি-শ্রীনগর বন্দে ভারতে চড়ার অভিজ্ঞতা সমাজমাধ্যম এক্সে একটি ভিডিয়ো-বার্তায় তুলে ধরেছেন সোনম। তাঁর কথায়, ‘এটি একটি চমৎকার অভিজ্ঞতা’। ভারতীয় রেলের ভূয়সী প্রশংসা করেন। জানান, জম্মু-কাশ্মীরের চন্দ্রভাগা নদীর সেতুটি দেখার জন্য তাঁর উৎসাহ ছিল প্রবল। তাঁর কথায়, “এই ধরনের বিশাল পরিকাঠামোগত অগ্রগতি আমাদের ভারতের সামগ্রিক উন্নতির প্রতীক।” তবে কেন্দ্রের প্রশংসার মাঝেও সোনম বার বার মোদী সরকারকে আন্দোলনকারীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার কথা মনে করিয়ে দিয়েছেন।