লাদাখ সমস্যার সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের আশ্বাস চান পরিবেশবিদ তথা সমাজসৈনিক সোনম ওয়াংচুক। না পেলে আগামী সপ্তাহ থেকে ফের বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ বিষয়ে কেন্দ্রকে এক সপ্তাহ সময় দিয়েছেন ওয়াংচুক। জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর থেকে তিনি পথে নামবেন। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে।
লাদাখের জন্য বৃহত্তর স্বায়ত্তশাসন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন ওয়াংচুক। গত বছর এই সংক্রান্ত বিক্ষোভ হিংসাত্মক আকার নিয়েছিল। চার জনের মৃত্যুও হয়েছিল। জখম হয়েছিলেন অনেকে। ওই ঘটনার পর ২৬ সেপ্টেম্বর ওয়াংচুককে গ্রেফতার করে পুলিশ। জোধপুর জেলে ছ’মাস কাটিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকারের অভিযোগ ছিল, ওয়াংচুকই অশান্তিতে সক্রিয় ভাবে ইন্ধন দিয়েছেন। জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ২০২৬ সালের মার্চ মাসে তিনি জেল থেকে ছাড়া পান।
আরও পড়ুন:
জেল থেকে বেরিয়েও লাদাখের সমস্যা নিয়ে সোচ্চার থেকেছেন ওয়াংচুক। বুধবার লাদাখের কিছু গোষ্ঠীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উপ-কমিটির একটি বৈঠক ছিল দিল্লিতে। অভিযোগ, তাতে সমস্যার কোনও সমাধানসূত্র মেলেনি। আলোচনা খুব একটা এগোয়নি। এতে হতাশা প্রকাশ করেন ওয়াংচুক। তার পরেই লাদাখের সমস্যা সমাধানের দাবিতে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। জানিয়েছেন, লাদাখ নিয়ে এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিতে হবে কেন্দ্রকে। তা না হলে ১৯ সেপ্টেম্বর থেকে তিনি আন্দোলন শুরু করবেন আবার। তা চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।
সম্প্রতি নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষায় দুর্নীতির অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছিল, তা সমর্থন করেছিলেন ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরের সামনে ছাত্রছাত্রীদের দাবিকে মান্যতা দিয়ে অনশনও করেন তিনি। ২৮ জুন তাঁর অনশন শুরু হয়েছিল। চলে টানা ২৬ দিন। লাদাখ সমস্যার সমাধানের জন্য তিনি ফের অনশনের পরিকল্পনা করেছেন কি না, এখনও স্পষ্ট নয়। তবে সিজেপি-র আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল ধর্মেন্দ্র প্রধানকে।
লাদাখের নেতাদের সঙ্গে কেন্দ্রের বৈঠক নিয়ে বৃহস্পতিবার সমাজমাধ্যমে মুখ খুলেছেন ওয়াংচুক। তিনি জানান, অ্যাপেক্স বডি অফ লেহ্ (এলএবি), কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (কেডিএ)-র নেতারা বৈঠক নিয়ে হতাশ। সেখানে নতুন কোনও আলোচনাই হয়নি। গত বছরের অশান্তির ঘটনাকে স্মরণ করে এলএবি সেপ্টেম্বর মাসটিকে ‘শহিদ মাস’ হিসেবে পালন করার কর্মসূচি নিয়েছে। বুধবারই কার্গিল থেকে লেহ্ পর্যন্ত পদযাত্রা করার কথা ছিল তাঁদের। কেন্দ্রের সঙ্গে বৈঠকের কথা মাথায় রেখে ওই কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়। কিন্তু বৈঠকে কোনও কাজের কাজ না হওয়ায় ১৯ তারিখ থেকে সেই কর্মসূচি ফের শুরু করার বার্তা দিয়েছেন ওয়াংচুক। লাদাখের সমর্থনে সারা দেশের মানুষকে এগিয়ে আসার ডাক দিয়েছেন তিনি।