Advertisement
E-Paper

অসমে ‘বিদেশি’ তকমা দেওয়া ২৭ জনকে আপাতত স্বস্তি দিল সুপ্রিম কোর্ট! নতুন করে ‘স্বচ্ছ ভাবে’ হবে নাগরিকত্ব যাচাই

সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, অসমের ফরেনার্স ট্রাইবুনাল ‘স্বচ্ছ, আইনসম্মত এবং যৌক্তিক’ পদ্ধতিতে এই ২৭ জনের নাগরিকত্ব যাচাই করবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১৩:০৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অসমে ‘বিদেশি’ তকমা পাওয়া ২৭ জনের বিরুদ্ধে এখনই কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, অসমের ফরেনার্স ট্রাইবুনাল ‘স্বচ্ছ, আইনসম্মত এবং যৌক্তিক’ পদ্ধতিতে এই ২৭ জনের নাগরিকত্ব যাচাই করবে।

২৭ জনের মধ্যে সাবিত্রী দে, আজবহর আলি, মহম্মদ আকবর আলি, আবেদা খাতুন, আনওয়ারা খাতুন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল পুরনো ভোটার তালিকায় নামের বানানে ‘সামান্য’ ভুল থাকার জন্য ‘বিদেশি’ তকমা দিয়েছে ট্রাইবুনাল। তাঁরা এর বিরুদ্ধে গৌহাটি হাই কোর্টের দ্বারস্থ হলেও উচ্চ আদালত ট্রাইবুনালের নির্দেশ বহাল রেখেছিল।

সোমবার শীর্ষ আদালত জানায়, নাগরিকত্ব এবং বিদেশি তকমার বিষয়টির সাংবিধানিক এবং আইনি গুরুত্ব রয়েছে। সেই যুক্তিতেই সংশ্লিষ্ট ফরেনার্স ট্রাইবুনালকে বিষয়টি নতুন করে বিবেচনা করতে বলেছে শীর্ষ আদালত। তবে দুই বিচারপতির বেঞ্চ এ-ও জানিয়েছে যে, বিদেশি শনাক্তকরণেই বৈধ অধিকার রয়েছে রাষ্ট্রের। আদালতের পর্যবেক্ষণ, মিথ্যা দাবি করে বা পদ্ধতিগত কারচুপি করে কেউ ভারতের নাগরিকত্ব চাইতে পারেন না।

একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আবেদনকারীদের আর্জির যৌক্তিকতা পরীক্ষা করে দেখা হয়নি। বিষয়টির নিষ্পত্তি সংশ্লিষ্ট ট্রাইবুনালই করবে বলে জানিয়েছে আদালত।

Foreigners Tribunal Foreigner

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy