Advertisement
E-Paper

রামমন্দিরের চুরি নিয়ে ফের মুখ খুলল আরএসএস, সোমবার সিবিআই তদন্তের আর্জি নিয়ে মামলার শুনানি সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্টের কার্যতালিকা অনুযায়ী, সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে মামলাগুলি শুনানির জন্য উঠবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৬ ২২:৩১
অযোধ্যার রামমন্দির।

অযোধ্যার রামমন্দির। —ফাইল চিত্র।

অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরির ঘটনায় বিতর্ক এখনও অব্যাহত। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। তবে এই ঘটনায় সুষ্ঠু এবং স্বাধীন তদন্তের প্রয়োজনে সিবিআই-কে দায়িত্বভার দেওয়ার দাবি উঠেছে। সিবিআই তদন্তের আর্জি জানিয়ে একগুচ্ছ মামলাও দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার সব মামলা একসঙ্গে শোনার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের কার্যতালিকা অনুযায়ী, সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে মামলাগুলি শুনানির জন্য উঠবে।

অন্য দিকে, রামমন্দিরে প্রণামী চুরির ঘটনায় ফের মুখ খুলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। রবিবার একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, রামমন্দিরের প্রণামী বাক্সে অনিয়মের বিষয়টি দুঃখজনক। সিট-এর তদন্তকারীরা তদন্তের পর নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছোবেন বলেও আশাপ্রকাশ করা হয়েছে সঙ্ঘের নতুন বিবৃতিতে। পাশাপাশি সেখানে আশাপ্রকাশ করা হয়েছে যে, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে উপযুক্ত পদক্ষেপ করবে রামমন্দিরের পরিচালক সংস্থা শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।

গত ১০ জুলাই থেকে কর্নাটকের বেলগাভিতে আরএসএস-এর ‘অখিল ভারতীয় প্রান্ত প্রচারকদের’ বার্ষিক বৈঠক ছিল। তিন দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সঙ্ঘের প্রধান মোহন ভাগবতও। রবিবার কর্মসূচির শেষ দিনে সঙ্ঘের তরফে ওই বিবৃতি প্রকাশ করা হয়।

গত ৭ জুন প্রথম রামমন্দিরের প্রণামী চুরির ঘটনা প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জানান, এই ঘটনার পূর্ণ তদন্ত হবে। গত দু’বছরে ভক্তদের দেওয়া প্রণামীর কয়েক কোটি টাকা লুট হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। রামমন্দিরের কর্মচারী (সেবাদার), এমনকি মন্দির পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সদস্য ও পদাধিকারীদের একাংশও এতে জড়িত থাকতে পারেন বলে ধারণা সিটের। গত ২৫ জুন আট অভিযুক্তকে গ্রেফতার করা হয়, যাঁরা সকলেই দানের টাকা গোনার কাজে যুক্ত ছিলেন।

এর আগে শুক্রবার এই ঘটনায় আরএসএস-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবালে বিবৃতি দিয়ে জানিয়ে ছিলেন, আরএসএস এবং সমগ্র হিন্দু সমাজ একযোগে আশা করে ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’ এই নিন্দনীয় ঘটনাটিকে একটি ব্যতিক্রমী বিষয় হিসাবে বিবেচনা করবে। তিনি বলেন, ‘‘অযোধ্যা মন্দিরে ভগবান রামের ভক্তদের বিশ্বাস এবং ভক্তি যাতে অবিচল এবং অটুট থাকে তা নিশ্চিত করার জন্য পদক্ষেপের প্রয়োজন।’’ রবিবার হোসবালের মন্তব্যকে সমর্থন করার কথা জানান ভাগবত। সঙ্ঘের প্রধান বলেছিলেন, “এ বিষয়ে দত্তাত্রেয় হোসবলে ইতিমধ্যেই জবাব দিয়েছেন। তাঁর মতই আমার মত।’’ রবিবার রামমন্দিরের প্রণামী চুরি নিয়ে ফের নিজেদের অবস্থান জানাল আরএসএস।

Ram Mandir Supreme Court CBI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy