Advertisement
E-Paper

বছরে ৩ সিলিন্ডার রান্নার গ্যাস বিনামূল্যে, ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের! নিখরচায় বাসযাত্রার পরিধি বাড়ানো হল

বিজয় জানিয়েছেন, এই প্রকল্পে উপভোক্তা হিসেবে পরিবারের গৃহকর্ত্রীর নাম থাকবে। সিলিন্ডারের দাম সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। প্রকল্পের সুবিধাপ্রাপক হবে অন্তত ১ কোটি ৩০ লক্ষ পরিবার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৬ ১২:১০
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ‘তলপতি’।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ‘তলপতি’। —ফাইল চিত্র।

তামিলনাড়ুর প্রত্যেক পরিবারকে বছরে তিনটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ‘তলপতি’। তবে সেই পরিবারের বার্ষিক আয় বছরে আড়াই লক্ষ বা তার কম হতে হবে। সোমবার এই ঘোষণার পাশাপাশি বিজয় জানিয়েছেন, মেয়েদের জন্য বিনামূল্যের বাসযাত্রার পরিধিও বৃদ্ধি করা হচ্ছে। এ বার দূরপাল্লার বাসেও বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলা এবং রূপান্তরকামী মানুষেরা।

তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেক পরিবারকে বছরে ছ’টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজয়ের দল টিভিকে। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতিই রক্ষা করল তারা। বিজয় জানিয়েছেন, এই প্রকল্পে উপভোক্তা হিসেবে পরিবারের গৃহকর্ত্রীর নাম থাকবে। সিলিন্ডারের দাম সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। প্রকল্পের সুবিধাপ্রাপক হবে অন্তত ১ কোটি ৩০ লক্ষ পরিবার। ৪০০০ কোটি টাকা ব্যয় হবে তামিলনাড়ু সরকারের।

বিজয় জানিয়েছেন, ‘অন্নপূরানি সুপার সিক্স’ নামের এই প্রকল্প ২০২৭ সালের পোঙ্গল উৎসবের দিন থেকে শুরু হবে। এই প্রসঙ্গে বিজয় জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সঙ্কট বেড়েছে। গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক মানুষের উপর আর্থিক বোঝা বেড়েছে। তা লাঘব করতেই তাঁর সরকারের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিজয়।

এর আগে তামিলনাড়ুতে ৪০ কিলোমিটার বিনামূল্যের বাস পরিষেবা পেতেন মহিলারা। সোমবার বিজয় জানিয়েছেন, এ বার এক্সপ্রেস বা ডিল্যাক্স গোত্রের বাসের ক্ষেত্রেও বিনামূল্যের পরিষেবা মিলবে। আন্তঃজেলা (এক জেলা থেকে অন্য জেলা) বাস পরিষেবাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তা ছাড়়া ‘ভেট্টিরি পায়ানা থিত্তম’ নামের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে রূপান্তরকামীদেরও। আগামী ২ অক্টোবর প্রকল্পের এই বর্ধিত পরিষেবার সূচনা হবে।

সোমবার তামিলনাড়ু বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজয় জানিয়েছেন, চেন্নাইয়ে দ্বিতীয় বিমানবন্দর তৈরির কাজ বন্ধই রাখছে তাঁর সরকার। চেন্নাইয়ের পারান্দুরে দ্বিতীয় বিমানবন্দর তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু তাতে আপত্তি জানায় কয়েকটি কৃষক সংগঠন এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। বিজয় জানিয়েছেন, নতুন বিমানবন্দর এমন জায়গায় তৈরি হওয়া উচিত, যেখানে কোনও পরিবারকে উচ্ছেদ করতে হবে না কিংবা কৃষকদের ক্ষতির মুখে পড়তে হবে না। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এ-ও জানিয়েছেন যে, দ্বিতীয় বিমানবন্দরের জন্য তাঁরা বেশ কয়েকটি বিকল্প জায়গা চিহ্নিত করেছেন।

Gas Cylinder Vijay Thalapathy Tamil Nadu

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy