Advertisement
E-Paper

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব বৈধ নয়, বিবৃতি দিয়ে দাবি নোয়েলের টাটা ট্রাস্টসের

ট্রাস্টসের তরফে বলা হয়েছে, তাদের মনোনীত দুই পরিচালককেই প্রস্তাব সমর্থন করতে হবে। সে ক্ষেত্রে দু’জন ভিন্নমত পোষণ করলে প্রস্তাব বৈধ হবে না বলে জানানো হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৬
(বাঁ দিকে) এন চন্দ্রশেখরন এবং নোয়েল টাটা (ডান দিকে)।

(বাঁ দিকে) এন চন্দ্রশেখরন এবং নোয়েল টাটা (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম

টাটা সন্সের চেয়ারম্যান পদে নটরাজন চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগ করার প্রস্তাব অবৈধ বলে দাবি করল টাটা ট্রাস্টস। এই মর্মে রবিবার একটি বিবৃতি দিয়েছে তারা। নোয়েলের নেতৃত্বাধীন টাটা ট্রাস্টস এবং তার সঙ্গে যুক্ত ট্রাস্টগুলির হাতে টাটা সন্সের প্রায় ৬৬ শতাংশ মালিকানা রয়েছে এবং কোম্পানির বোর্ডে তাদের দু’জন মনোনীত পরিচালক রয়েছেন। স্বাভাবিক ভাবেই টাটা সন্সের নীতিনির্ধারণের ক্ষেত্রে টাটা ট্রাস্টসের ভূমিকা গুরুত্বপূর্ণ।

টাটা ট্রাস্টসের বক্তব্য, তাদের মনোনীত পরিচালকদের কাছ থেকে পর্যাপ্ত সমর্থন পাননি চন্দ্রশেখরন। ট্রাস্টসের তরফে বলা হয়েছে, তাদের মনোনীত দুই পরিচালককেই প্রস্তাব সমর্থন করতে হবে। সেক্ষেত্রে দু’জন ভিন্নমত পোষণ করলে প্রস্তাব বৈধ হবে না বলে জানানো হয়েছে।

গত বৃহস্পতিবারের বোর্ড বৈঠকে টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল সরাসরি চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের বিরুদ্ধে ভোট দেন, আর অন্য ট্রাস্টস মনোনীত পরিচালক ভেনু শ্রীনিবাসন পক্ষে ভোট দেন। ভেনু টাটা সন্সের পরিচালক পর্ষদের বৈঠকে ‘স্যার দোরাবজি টাটা ট্রাস্ট’ এবং ‘স্যার রতন টাটা ট্রাস্ট’-এর প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন। যদিও ‘স্যার দোরাবজি টাটা ট্রাস্ট’ জানিয়েছে, ভেনুর প্রতিনিধিত্ব বৈধ নয়।

নোয়েল এবং ভেনুর মতবিরোধ হওয়ায় বৈঠক পরিচালনার দায়িত্বে থাকা টাটা সন্সের ‘নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি’র চেয়ারম্যান তথা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হরিশ মানওয়ানি কাস্টিং ভোট প্রয়োগ করে চন্দ্রের পুনর্নিয়োগ প্রস্তাব সমর্থন করেন। রবিবারের বিবৃতিতে টাটা ট্রাস্টস জানিয়েছে, তাদের মনোনীত দুই পরিচালকের মধ্যে মতপার্থক্য দেখা দিলে চেয়ারম্যান সেখানে নির্ণায়ক ভোট দিতে পারবেন না। বোর্ড মিটিংয়ে বাকি সদস্যদের ভোটে মীমাংসা না-হলে তখন তিনি নির্ণায়ক ভোট দিতে পারবেন।

গত ১২ অগস্ট টাটা শিল্পগোষ্ঠীর অন্দরে ডামাডোলের ইঙ্গিত উস্কে দিয়ে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন চন্দ্রশেখরন। জানিয়েছিলেন, আগামী ২০ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার পরে আর টাটা সন্সের চেয়ারম্যান পদে থাকবেন না! নোয়েল শিবিরের দাবি, এই পরিস্থিতিতে বোর্ডের বৈঠক কেবল চন্দ্রশেখরনের উত্তরসূরি মনোনয়নের জন্য ডাকা যায়। তাঁকে পুনর্নিয়োগ দেওয়ার জন্য নয়।

Tata Group Noel Tata TATA

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy