এ বার ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনের ফর্ম (ফর্ম-৬) ফিরল আগের অবস্থাতেই। পশ্চিমবঙ্গ-সহ যে ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শেষ হয়ে গিয়েছে, সেখানে নতুন করে তালিকায় নাম তোলাতে গেলে মা-বাবা বা ঠাকুর্দা-ঠাকুমা সংক্রান্ত নথি পূরণ করতে হবে না। মঙ্গলবার রাত থেকে ‘ইসিআইনেট’ পোর্টালে যে ফর্ম-৬ পাওয়া যাচ্ছে, সেখানে পরিবারের এসআইআর সংক্রান্ত তথ্যের বিষয়টি আর নেই। তবে যে সমস্ত রাজ্যে এসআইআর চলছে, সেখানে আবেদনকারীকে ফর্ম-৬-এর সঙ্গে ওই অতিরিক্ত তথ্যাবলি জমা দিতে হবে।
গত কাল রাত থেকে ফর্ম-৬ আগের আকারে ফেরে। সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, এর ফলে নতুন আবেদনকারী কিংবা এসআইআর পর্যায়ে যাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাঁরা সবাই সাবেক ফর্ম-৬ পূরণ করে নামতুলতে পারবেন।
নির্বাচন কমিশনের এক কর্তার অবশ্য বক্তব্য, এসআইআর চলাকালীন কিংবা না চলাকালীন মূল ফর্ম-৬-এর কোনও বদল হয়নি। ২০২৫ সালের ২৪ জুন এসআইআর সংক্রান্ত নির্দেশ এবং পরবর্তী নির্দেশাবলি অনুযায়ী যে সমস্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর পরিচালিত হয়েছিল, সেখানে একটি অতিরিক্ত নথি হিসেবে কিছু তথ্য চাওয়া হয়।
২৬ সেপ্টেম্বরের বিবৃতি অনুযায়ী, যে সমস্ত রাজ্যে এসআইআর হয়ে গিয়েছে এবং যেখানে এখনও শুরু হয়নি, সেখানে ওই সমস্ত তথ্যের প্রয়োজন নেই।