Advertisement
E-Paper

নেহার ‘ওয়ান পিস’ লেখা লাল টি-শার্টের কী মাহাত্ম্য? নেপাল-ভারত-ফ্রান্স, তরুণ প্রজন্মের কাছে দ্রোহের প্রতীক খুলি

১০ অক্টোবর ক্যামেরাবন্দি হওয়া তাঁর একটি ছবি ঘিরে এখন তোলপাড় জাতীয় ও আন্তর্জাতিক মহল। বিক্ষোভের দিন নেহার পরনে থাকা একটি লাল রঙের টি-শার্ট নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১৭:২১
ওই টি-শার্টের বুকে জ্বলজ্বল করছিল বিখ্যাত জাপানি মাঙ্গা (কমিক্‌স সিরিজ়) ‘ওয়ান পিস’-এর প্রতীক হলুদ-কমলা খড়ের টুপি পরা এক হাসিমুখের খুলি।

ওই টি-শার্টের বুকে জ্বলজ্বল করছিল বিখ্যাত জাপানি মাঙ্গা (কমিক্‌স সিরিজ়) ‘ওয়ান পিস’-এর প্রতীক হলুদ-কমলা খড়ের টুপি পরা এক হাসিমুখের খুলি। ছবি: সংগৃহীত।

দিল্লির রাজপথে উত্তাল আন্দোলন চলাকালীন অল ইন্ডিয়া স্টুডেন্ট্‌স অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার আটক হওয়ার ঘটনা ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে জাতীয় রাজনীতিতে। তবে স্রেফ তাঁর আটক হওয়া নয়, ১০ অক্টোবর ক্যামেরাবন্দি হওয়া তাঁর একটি ছবি ঘিরে এখন তোলপাড় জাতীয় ও আন্তর্জাতিক মহল। বিক্ষোভের দিন নেহার পরনে থাকা একটি লাল রঙের টি-শার্ট নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। সাধারণ কোনও রাজনৈতিক স্লোগান নয়, ওই টি-শার্টের বুকে জ্বলজ্বল করছিল বিখ্যাত জাপানি মাঙ্গা (কমিক্‌স সিরিজ়) ‘ওয়ান পিস’-এর প্রতীক হলুদ-কমলা খড়ের টুপি পরা এক হাসিমুখের খুলি।

প্রথম দর্শনে এটি নিছকই এক ছাত্রনেত্রীর পপ-কালচার বা ফ্যাশন সচেতনতা বলে মনে হতে পারে। কিন্তু এই প্রতীকের পিছনে রয়েছে এক অজানা ইতিহাস। ১৯৯৭ সালে শুরু হওয়া জনপ্রিয় এই জাপানি কমিক্‌সের মুখ্য চরিত্র মাঙ্কি ডি লুফি এবং তার দল দুর্নীতিগ্রস্ত, অন্যায়কারী শাসকদের বিরুদ্ধে লড়াই করে। তাই গত কয়েক বছরে বিশ্ব জুড়ে একের পর এক সরকারবিরোধী তরুণ বা জেন-জি আন্দোলনে প্রতিবাদের নতুন অস্ত্র হয়ে উঠেছে এই প্রতীক।

২০২৫ সালে প্রতিবেশী দেশ নেপালের রাজপথে তরুণদের আন্দোলন থেকে শুরু করে ইন্দোনেশিয়া, ফিলিপিন্‌স কিংবা ফ্রান্সে সাম্প্রতিক কালে শিক্ষাব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাস্তায় নামা—সব ক্ষেত্রেই বারবার এই বিশেষ প্রতীক নজরে এসেছে। নেপালের সিংহ দরবার থেকে শুরু করে ম্যানিলার রাজপথ, ওয়ান পিস-এর এই খুলি প্রতীকটিকেই রাষ্ট্রীয় অনাচার ও দমনের বিরুদ্ধে তরুণের আত্মবিশ্বাসের বার্তা হিসেবে তুলে ধরেছিল আন্দোলনকারীরা। ফলে, দিল্লির রাজপথে নির্বাচন কমিশন ও ব্যবস্থার বিরুদ্ধে সরব হওয়া আন্দোলনকারী নেহার গায়ে এই পোশাক দেখে রাজনৈতিক মহল একে কাকতালীয় বলে উড়িয়ে দিতে পারছে না।

যন্তুর মন্তর ও দিল্লির রাজপথে জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন প্রবীণ রাজনৈতিক নেতা যোগেন্দ্র যাদব ও সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণের মতো বিশিষ্ট ব্যক্তিরা। বিশাল পুলিশবাহিনীর হস্তক্ষেপে তাঁদের সঙ্গে আটক হন নেহাও। কিন্তু সামাজিক মাধ্যমে সেই আটকের ছবি ছড়িয়ে পড়তেই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাঁর পরনের ওই টি-শার্ট। রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছে, কাল্পনিক কমিকসের বিদ্রোহী প্রতীককে এ ভাবে মূলধারার গণতান্ত্রিক আন্দোলনে ব্যবহার করা কতটা যুক্তিসঙ্গত? কারও মতে, এটি তরুণ প্রজন্মের উপর সমাজমাধ্যমের প্রভাব এবং বিশ্বব্যাপী প্রতিবাদের ভাষা মিলেমিশে এক হয়ে যাওয়ার প্রমাণ।

সমাজমাধ্যমের যুগে কমিকসের কাল্পনিক প্রতিবাদের বার্তা নিমেষেই ছুঁয়ে ফেলছে বাস্তব রাজনীতির ক্যানভাস। নেহা বোরার সেই লাল টি-শার্ট তাই পোশাকের গণ্ডি পেরিয়ে পরিণত হয়েছে এক নতুন আন্তর্জাতিক বিতর্ক ও সমীক্ষার বিষয়ে।

Neha Bora Delhi anime Protest Gyanesh Kumar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy