Advertisement
E-Paper

ওয়াংচুকের অনুরোধে অনশন ভাঙলেন ককরোচ প্রধান অভিজিৎ, ২৩ দিনের উপবাসে ইতি তিন ছাত্রনেতারও

সোমবার সিজেপি-র ডাকে সংসদ ভবন অভিযানে যোগ দিতে দিল্লিতে প্রায় ১০ হাজার মানুষের জমায়েত হয়েছে। মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ১২:০৯
যন্তর মন্তরের সামনে সোনম ওয়াংচুকের সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে।

যন্তর মন্তরের সামনে সোনম ওয়াংচুকের সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। ছবি: পিটিআই।

সোনম ওয়াংচুকের অনুরোধে অনশন ভাঙলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে। এ ছাড়া, দিল্লির যন্তর মন্তরে অনশনরত আরও তিন পড়ুয়া উপবাসে ইতি টেনেছেন সোমবার। বিরোধী সাংসদদের অনুরোধে এবং আশ্বাসে তাঁরা অনশন থামানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রতিবাদ-আন্দোলন চলবে। সোনম নিজে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন।

সোমবার সিজেপি-র ডাকে সংসদ ভবন অভিযানে যোগ দিতে দিল্লিতে প্রায় ১০ হাজার মানুষের জমায়েত হয়েছে। পুলিশ প্রথম থেকেই প্রস্তুত ছিল। সংসদের উদ্দেশে মিছিল পা বাড়াতেই তা দমনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। জমায়েতে লাঠিচার্জও করেছে পুলিশ। এই পরিস্থিতিতে ককরোচ প্রধান নিজে অনশন ভাঙার কথা ঘোষণা করলেন। গত শনিবার যন্তর মন্তরের সামনে থেকে অনশনরত সোনমকে তুলে নিয়ে গিয়েছিল সাদা পোশাকের পুলিশ। তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে রাখা হয়েছে। সোনমের স্ত্রী গীতাঞ্জলি জে আংমোর দাবি, নুনজল ছাড়া তাঁর স্বামী আর কিছু খাচ্ছেন না।

সোনমের সঙ্গেই গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে অনশনে বসেছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্ট্‌স’ অ্যাসোসিয়েশনের (আইসা) তিন সদস্য— নেহা বোরা, মণীশ কুমার এবং আমীন অমিতোজ। রবিবার তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী শাবানা আজ়মি। এ ছাড়া, আরজেডি-র রাজ্যসভার সাংসদ মনোজ ঝা, লিবারেশনের সাংসদ রাজারাম সিংহ, রাজস্থানের সাংসদ আমরা রাম দেখা করেছিলেন অনশনরত ছাত্রছাত্রীদের সঙ্গে। অনশন ভাঙার অনুরোধ জানিয়েছিলেন তাঁরা। তাঁদের দাবি সংসদের আলোচনায় তোলা হবে, আশ্বাস দেন বিরোধী নেতৃত্ব। তার পরেই সোমবার নেহা-সহ তিন জন অনশন থামানোর সিদ্ধান্ত নেন।

অনশনরত নেহা বোরাকে চুম্বন শাবানা আজ়মির। যন্তর মন্তরের সামনে।

অনশনরত নেহা বোরাকে চুম্বন শাবানা আজ়মির। যন্তর মন্তরের সামনে। ছবি: পিটিআই।

আইসা-র দাবি, অনশনপর্বে ১২ কেজি করে ওজন কমেছে তিন ছাত্রনেতারই। এ ছাড়া, তাঁদের রক্তে শর্করার মাত্রা বিপজ্জনক ভাবে কমে গিয়েছে। সোমবার থেকে শুরু হয়েছে লোকসভার বাদল অধিবেশন। গোটা মাস জুড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ জারি থাকবে, জানিয়েছে আইসা।

সোনমকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর শনিবার থেকে যন্তর মন্তরের সামনে অনশন শুরু করেছিলেন ককরোচ প্রধান অভিজিৎ। সোমবার তাঁর অনশনের তৃতীয় দিন ছিল। সকালে হাসপাতাল থেকে সোনম একটি বার্তায় জানান, যদি সরকার শিক্ষা দুর্নীতির দায় স্বীকার করে নেয় কিংবা যদি রাজনৈতিক নেতারা তাঁর সঙ্গে দেখা করে আশ্বাস দেন, তবেই তিনি অনশন ভাঙবেন। নইলে নয়। তার পরেই অভিজিৎকে অনশন ভাঙার জন্য অনুরোধ করেন সোনম।

Cockroach Janata Party Delhi Police Hunger strike Abhijeet Dipke

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy