দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
বাংলাদেশে ক্ষমতার পালাবদলের দ্বিতীয় বর্ষপূর্তি, অর্থাৎ আজ দিল্লিতে ভার্চুয়ালি বক্তৃতা করবেন শেখ হাসিনা। কথা বলবেন সাংবাদিকদের সঙ্গে। আজ দিল্লির ‘ফরেন করেসপনডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া’-তে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে এই অনুষ্ঠান নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এর সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই। একই সঙ্গে এ-ও স্পষ্ট করেছেন, ওই মঞ্চে উত্থাপিত কোনও বিষয় বা ওই মঞ্চ থেকে যা বলা হবে, সেগুলিকে সমর্থন করে না সরকার।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। যন্তর মন্তরের আন্দোলনও এখন স্তিমিত। এ অবস্থায় কী হতে চলেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র পরবর্তী কর্মসূচি তা স্থির করতে আজ আলোচনায় বসছেন দলের প্রথম সারির মুখেরা। মহারাষ্ট্রের সম্ভাজিনগরে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-র বাড়িতে ওই বৈঠক হতে পারে।
বিদেশে চোখের চিকিৎসা করাতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে সেখানে সুরাহা না পেয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালত মামলাটি আবার হাই কোর্টে ফেরত পাঠিয়েছে। আজ বেলা ১১টা নাগাদ বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ওই মামলাটির শুনানি হবে।
আজ থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই আজ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী দু’দিনও দক্ষিণবঙ্গ জুড়ে এমন ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের পাঁচ জেলায় বুধবারও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই দিন।