দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ ফের নির্বাচন সদন অভিমুখে বিক্ষোভ মিছিল ও ঘেরাও অভিযানের ডাক দিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত অনিয়ম ও প্রায় সাড়ে ১৩ কোটি ভোটার বাদ পড়ার অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে জোটের সাংসদ ও শীর্ষ নেতারা ওই কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি, গত ২ অক্টোবর থেকে দেশ জুড়ে শুরু হওয়া ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের বিভিন্ন জেলা সদরে বিক্ষোভ মিছিল ও জনসভা আয়োজিত হচ্ছে। এই কর্মসূচি আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে।
সরকারের প্রধান হিসেবে একটানা ২৫ বছরের কার্যকাল। নরেন্দ্র মোদীর এই ‘অনন্য’ প্রশাসনিক যাত্রাপথকে স্মরণীয় করে রাখতে বুধবার দেশব্যাপী ‘সেবা জ্যোতি যাত্রা’র পরিকল্পনা বিজেপির। পশ্চিমবঙ্গেও এই কর্মসূচি পালন হবে। দেশের প্রতিটি জেলাতেই বিজেপি এই পদযাত্রার আয়োজন করবে। কর্মসূচির সূচনালগ্নে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেবেন। সেই ভাষণ জায়ান্ট স্ক্রিনে সারা দেশে দেখানো হবে। পশ্চিমবঙ্গেও একই ভাবে পালন করা হবে। মোদীর ভাষণ শেষে শুরু হবে ‘সেবা জ্যোতি যাত্রা’। মশাল হাতে ওই পদযাত্রায় হাঁটবেন বিজেপি কর্মীরা। সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এ রাজ্যের বিজেপি নেতৃত্ব।
আজ উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তবে তার আগে সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠান শেষ হলে মুখ্যমন্ত্রী রওনা দেবেন দমদম বিমানবন্দরের উদ্দেশে। সেখান থেকে তিনি যাবেন বাগডোগরা। পৌঁছে শুভেন্দু রওনা দেবেন দার্জিলিঙের উদ্দেশে। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে দার্জিলিঙে যোগ দেবেন তিনি।
আজ দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার দু’-এক জায়গায় হতে পারে হালকা বৃষ্টি। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।