দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন তিনি। স্বাধীনতা দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষণে দেশের উন্নয়ন, অর্থনীতি, নিরাপত্তা ও আগামী দিনের কর্মসূচি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। অন্য দিকে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এ বারের স্বাধীনতা দিবস বিশেষ তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী পদে বসার পর এই প্রথম স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি, রাজ্যের একাধিক পুলিশ আধিকারিককে তাঁদের কৃতিত্বের জন্য সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই রাজ্যবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তাও দিতে পারেন তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ়ের প্রথম টেস্ট ম্যাচ আজ খেলতে নামছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে এই সিরিজ়ের দু’টি টেস্ট জিততেই হবে ভারতকে। জসপ্রীত বুমরাহকে ছাড়া কঠিন চ্যালেঞ্জের সামনে ভারতীয় দল। সকাল ১০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে সোনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে। অন্য দিকে, আজ শুরু হকি বিশ্বকাপ। ওয়েলসের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে ভারত। আজ পর্যন্ত এই প্রতিযোগিতায় মাত্র এক বার সোনা জিতেছে তারা। সেটাই শেষ পদক। ৫১ বছরের খরা কাটানোর চ্যালেঞ্জ হরমনপ্রীত সিংহদের সামনে। বিকেল ৪.৩০টে থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।