দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে পথে নেমেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কংগ্রেস-সহ বিজেপি বিরোধী দলগুলিও একযোগে এই বিক্ষোভে শামিল হয়েছে। প্রায় প্রতি দিনই এই সংক্রান্ত বিক্ষোভ-প্রতিবাদকে কেন্দ্র করে রাজধানী উত্তপ্ত হচ্ছে। বিক্ষোভকারীদের আটক করছে দিল্লি পুলিশ। সিজেপি নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা যন্তর মন্তরে ঢুকে জাতীয় পতাকা ওড়ানোয় তাঁদের পুলিশ গ্রেফতার করেছে। আপাতত তাঁরা পাঁচ দিনের জেল হেফাজতে। এর প্রতিবাদে শুক্রবার দিল্লির কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ অভিযানের ডাক দিয়েছেন সিজেপি প্রধান অভিজীত দিপকে।
দুর্গাপুজোর মধ্যেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাতও। ফলে শুরুর কয়েক দিন পুজোর আনন্দ মাটি হতে পারে। পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অষ্টমী থেকে আর সে সম্ভাবনা নেই। আবহাওয়া ধীরে ধীরে শুকনো হয়ে উঠবে।
আজও জেলায় পুজোর উদ্বোধন করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকালে মুর্শিদাবাদ রওনা হবেন তিনি। সেখানে বেশ কিছু পুজোর উদ্বোধন করবেন। পরে বিকেলে কলকাতায় ফিরে শহরেরও বেশ কিছু পুজোর উদ্বোধন করবেন তিনি।