দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ৭৫ পেরিয়ে ৭৬ বছরে পা দিলেন তিনি। তাঁর জন্মদিবস উপলক্ষে দেশ জুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ সরকারও একাধিক পদক্ষেপ করেছে। দেশ জুড়ে পালিত হবে ‘আশীর্বাদ কা দিয়া’। সন্ধ্যা ৭টায় মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের বার্তা দিয়েছে সরকার। যাঁরা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের মোমবাতি জ্বালাতে বলা হয়েছে। রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রও আলোকিত করা হবে। তার জন্য সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকাকে সেই সময় নিজের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। মোদীর জন্মদিন উপলক্ষে জোড়া কর্মসূচি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। আজ থেকেই শুরু হবে ‘সেবা সংকল্প অভিযান’। সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত তা চলবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আজ নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে ‘অন্নপূর্ণা দিবস’ পালনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে ভবানীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্যাপনের পাশাপাশি, মহিলাদের নিয়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করবেন তিনি। পাশাপাশি, অন্নপূর্ণা যোজনার অর্থপ্রাপ্তিও হতে পারে আজ। প্রধানমন্ত্রীর জন্মদিনেই ৩ হাজার টাকা ‘যোগ্য’ মহিলাদের অ্যাকাউন্টে অর্থ দিয়ে দিনটি উদ্যাপন করবেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন, এ বার ১ কোটি ৫৮ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। যা আগের মাসের তুলনায় বেশি বলেই জানান তিনি।
রাজ্যে জোড়া উপনির্বাচন আসন্ন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে সব দলই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এখনও জানে না, তারা কোন প্রতীকে লড়বে। আজ দুই শিবিরের প্রতিনিধিদের বৈঠকে ডেকেছে নির্বাচন কমিশন। তার পর এ বিষয়ে অন্তর্বর্তী কোনও নির্দেশ দেওয়া হতে পারে। যেহেতু এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই এখনই এ বিষয়ে চূড়ান্ত রায় না-ও দিতে পারে কমিশন। একটি সূত্রের মতে, জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ়’ করে দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে দুই তৃণমূলকে অন্য কোনও প্রতীক বেছে নিতে হবে। আপাতত কমিশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে দুই শিবির।
আজ আফগানিস্তানের সঙ্গে সিরিজ়ের শেষ টি-টোয়েন্টি ম্যাচ ভারতের। তিন ম্যাচের সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচ জিতে গিয়েছে শ্রেয়স আয়ারের দল। আজ হোয়াইটওয়াশ করার পালা ভারতের। নজর থাকবে এই ম্যাচে বৈভব সূর্যবংশীকে ভারত খেলায় কিনা, সে দিকে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।