দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার দিনেই সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সেইমতো সোমবার দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিলের ঘোষণা করেছেন উদ্যোক্তারা। যদিও দিল্লি পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, এই কর্মসূচির জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। ইতিমধ্যেই মধ্য দিল্লির বিস্তীর্ণ এলাকায় ১৬৩ ধারা (পূর্বের ১৪৪ ধারা) ধারা জারি করে পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। যদিও অভিযান নিয়ে এখনও অনড় ‘ককরোচ’ দল।
সোনম ওয়াংচুক এখনও পর্যন্ত চিকিৎসা করাতে নারাজ। দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি এই সমাজসৈনিকের শরীরে জলের জোগান বৃদ্ধি করতে যা যা ওষুধের প্রয়োজন, তা গ্রহণ করতে চাইছেন না তিনি। অনশন চালিয়ে যাচ্ছেন। তবে তাঁর শরীরের গুরুত্বপূর্ণ সূচকগুলি এখনও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল।
সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। প্রথম দিনেই আসছে ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধনী) বিল, ২০২৬’। রাজ্যসভায় বিলটি পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিলে জাতীয় গান ‘বন্দে মাতরম্’-এর অপমানকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বারের অধিবেশন আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। লোকসভায় তৃণমূল ভেঙে এনসিপিআই-তে যোগ দিয়েছেন ‘বিদ্রোহীরা’। রাজ্যসভার আম আদমি পার্টির সাত সাংসদও গিয়েছেন বিজেপিতে। ফলে বিভিন্ন বিল পাশ করানোর ক্ষেত্রে সরকারের আরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের অধিবেশন রয়েছে। সোমবার অধিবেশনের প্রথম দিনের প্রথম ভাগে মেনশন পর্ব রয়েছে। যোগ দেবেন বিধায়কেরা। এরপর প্রথম এবং দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য, পঞ্চায়েত এবং পরিবহণ দফতর নিয়ে আলোচনা হবে। আগামী শনিবার পর্যন্ত চলবে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব।
রামমন্দিরে প্রণামী চুরির মামলার আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। উত্তরপ্রদেশ সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যে মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে শীর্ষ আদালতে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলার শুনানির সময়ে এই বিষয়টি উঠতে পারে। স্টেটাস রিপোর্টে সিট কী জানিয়েছে, তারও একটি আভাস মিলতে পারে আজ।