Advertisement
E-Paper

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র কি ইস্তফা দেবেন। বিধানসভার বাজেট অধিবেশন। মরসুমের প্রথম ডার্বি। আর কী নজরে

আজ আবার ‘ককরোচ’ জনতা দলের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কি ইস্তফা দেবেন? না কি কেন্দ্রীয় সরকার তাঁকে সরাবে না?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৬ ০৭:৫৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কি ইস্তফা দেবেন? না কি কেন্দ্রীয় সরকার তাঁকে সরাবে না? অনেকেরই মতে, আজই সেই ছবি স্পষ্ট হতে পারে। কারণ, আজ আবার ‘ককরোচ’ জনতা দলের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে বৈঠকেও ধর্মেন্দ্রের ইস্তফার দাবিতে অনড় ছিল সিজেপি। বৈঠক শেষে তারা দাবি করে, আজ বিকেল পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্র। পাশাপাশি এ-ও স্পষ্ট করে, ধর্মেন্দ্র ইস্তফা না-দিলে বৃহত্তর আন্দোলন হবে। অন্য দিকে, নিট কেলেঙ্কারির প্রতিবাদে এবং ধর্মেন্দ্রের ইস্তফার দাবিতে বিক্ষোভের আঁচ ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। মুম্বই, কলকাতা, পটনা-সহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভে পথে নেমেছেন ‘আরশোলা’রা।

বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন আজ। বিধানসভার অধিবেশন বসার আগে আজ বিজেপি পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পর মুখ্যমন্ত্রী বিধানসভায় ক‍্যাগের রিপোর্ট পেশ করে বিবৃতি দেবেন। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সেবাশ্রয় নিয়েও বিবৃতি দেবেন তিনি। পরে দ্বিতীয়ার্ধে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ পঞ্চায়েত সংক্রান্ত একটি বিল পেশ করবেন। যা নিয়ে দু’ঘণ্টা আলোচনা হবে।

আজ মরসুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপের গ্রুপ পর্বে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দুই দলেরই নতুন কোচ। ইস্টবেঙ্গলের দল গত বছরের থেকে প্রায় পুরোটাই বদলে গিয়েছে। মোহনবাগানেরও দলে অনেক বদল হয়েছে। ফলে বড় ম্যাচের আগে দুই দলই অপরিচিত। কী হবে ডার্বিতে? যুবভারতীতে খেলা শুরু বিকেল ৫টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে। ডার্বির সঙ্গে প্রায় একই সময়ে চলবে ভারতের ক্রিকেট ম্যাচ। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামবে শ্রেয়স আয়ারের দল। প্রথম ম্যাচে জিতে তিন ম্যাচের সিরিজ়ে এগিয়ে রয়েছে ভারত। আগের ম্যাচে প্রথম আন্তর্জাতিক শতরান করেছে বৈভব সূর্যবংশী। আজ কি দলকে জেতাতে পারবে বৈভব? খেলা বিকেল ৪:৩০ থেকে। সম্প্রচারিত হবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও ফ্যানকোড অ্যাপে।

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে বৃষ্টি আগের চেয়ে কমেছে। তবে আগামী সপ্তাহে নতুন করে ঝড়বৃষ্টি বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে।

News of the Day Dharmendra Pradhan Cockroach Janata Party WB Assembly Suvendu Adhikari Abhishek Banerjee Dilip Ghosh Kolkata Derby Mohun Bagan East Bengal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy