দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
প্রশ্নফাঁস কাণ্ডে আজ সংসদ উত্তাল
হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবারই লোকসভায় পেশ হবে ‘পাবলিক এগ্জ়ামিনেশন
অ্যামেন্ডমেন্ট ২০২৬’ বিল। পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। এই বিলটি আইনে পরিণত
হলে প্রশ্নফাঁসের ঘটনায় অভিযুক্তদের আরও কড়া শাস্তি দেওয়া যাবে। নিশ্চিত করা যাবে
ফাস্ট ট্র্যাক আদালতে এই সংক্রান্ত ঘটনার দ্রুত বিচারও। সূত্র বলছে, বিল আইনে পরিণত হলে প্রশ্নফাঁস কাণ্ডে দোষীদের ১০ বছর
পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সঙ্গে ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে।
শুক্রবারের ঘটনার প্রতিবাদ জানিয়ে কলকাতার রাজপথে নামছে বিজেপি। ‘ককরোচ’ আন্দোলনের সমর্থনে গত শুক্রবার কলকাতায় মিছিল করেছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলি। সেই মিছিল থেকে দেশবিরোধী স্লোগান তোলা হয় এবং অরাজকতা তৈরির চেষ্টা হয় বলে বিজেপির অভিযোগ। তার প্রতিবাদেই আজ বেলা ৩টেয় শিয়ালদহে জমায়েতের ডাক দিয়েছে উত্তর কলকাতা জেলা বিজেপি। শিয়ালদহ থেকে মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত।
‘ককরোচ জনতা’ দলের (সিজেপি) সংসদ অভিযানে ‘পুলিশি জুলুম’-এর অভিযোগ তুলে দায়ের হওয়া মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠবে। শুধু সংসদ অভিযান নয়, তার পরে ধারাবাহিক ভাবে নিট-কেলেঙ্কারি প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে হওয়া বিক্ষোভে পুলিশের ‘অত্যাচারের’ কথাও উল্লেখ ছিল সুপ্রিম কোর্টে দায়ের হওয়া আবেদনে।
বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পাশাপাশি, শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিঙে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী বৃষ্টি চলবে সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত।