দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
জ্ঞানেশ কুমারের প্রতীকী অপসারণ ঘটাতে আজ দিল্লিতে নকল সংসদ (মক পার্লামেন্ট)-এর আয়োজন করবে কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাড়িতে অনুষ্ঠিত হবে নকল সংসদের অধিবেশন। সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদেরা যাতে উপস্থিত থাকেন সেই অনুরোধ জানিয়েও দিল্লি থেকে ফোন এসেছিল মমতার কাছে। জানা গিয়েছে, দলীয় সাংসদদের একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা। সেই প্রতিনিধি দলে থাকবেন লোকসভার তিন সাংসদ সৌগত রায়, মহুয়া মৈত্র ও কীর্তি আজাদ এবং রাজ্যসভার দুই সাংসদ সাগরিকা ঘোষ ও নাদিমুল হক।
কালীঘাট এবং ঋতব্রত, দুই শিবিরকেই আজ তলব করেছে নির্বাচন কমিশন। দু’পক্ষকে মুখোমুখি বসিয়ে তাদের বক্তব্য শোনা হবে, এমনটাই খবর। কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে জবাব এবং প্রয়োজনীয় হলফনামা জমা দেওয়ার জন্য ঋতব্রত শিবিরকে আরও ১০ দিন সময় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ। তার পর পাল্টা হলফনামা দেওয়ার জন্য মমতা শিবিরকে সময় দেওয়া হয়েছে আরও ১০ দিন। এই পরিস্থিতিতে আজ নির্বাচন কমিশনে শুনানি আদৌ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও এ ব্যাপারে কমিশনের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তাই শেষ পর্যন্ত বৈঠক হলে নিজের নিজের বক্তব্য পেশের জন্য ঘর গুছিয়েছে দুই শিবিরই। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে অভিষেক, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং আইনজীবীদের একটি দল কমিশনে যাবেন। প্রতিনিধি দল পাঠানোর প্রস্তুতি সেরে ফেলছেন ঋতব্রত শিবিরও।
আজ ভারত ও নিউ জ়িল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম তিনটি ম্যাচ জিতে সিরিজ় জেতা হয়ে গিয়েছে শ্রেয়স আয়ারদের। এ বার চুনকাম করার লক্ষ্যে ভারতীয় দল। নজর থাকবে দুই ওপেনার অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীর দিকে। খেলা শুরু দুপুর ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।