ই-রিকশায় চেপে অফিসে যাচ্ছিলেন যুবতী। তাঁর হাতে ছিল নতুন কেনা আইফোন। একে বারে সর্বশেষ মডেলটি। আচমকা ওই যুবতীর রিকশার পাশে এসে দাঁড়ায় একটি বাইক। তাতে চালক ছাড়াও ছিলেন আরও এক জন। যুবতীকে প্রশ্ন করেন, হাতের মোবাইলটা আইফোন-১৮ কি না! হ্যাঁ বলতেই, তা নিয়ে পালিয়ে যান বাইকে থাকা ওই দুই যুবক!
ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার পশ্চিম এলাকায়। অভিযোগকারিনী শুভি ভান্ডারি জানান, রোজকার মতো অফিসে যাওয়ার জন্য ই-রিকশায় উঠেছিলেন তিনি। অনলাইনে ভাড়া মেটাতে ব্যাগ থেকে মোবাইল বার করেছিলেন যুবতী। তিন দিন আগেই ফোনটি তিনি কিনেছিলেন। সেই সময় হঠাৎই তাঁর রিকশার পাশে এসে বাইক নিয়ে দাঁড়ান দু’জন। তাঁদের মাথায় হেলমেট ছিল। শুভির কাছে প্রথমে তাঁরা একটি ঠিকানার খোঁজ করেন। তার পরেই হাতের মোবাইলটির দিকে ইশারা করে প্রশ্ন করেন, ‘‘এটা কি নতুন আইফোন?’’
শুভি কিছু না ভেবেই মাথা নেড়ে হ্যাঁ বলেন। তখনই বাইকে থাকা এক জন হাত থেকে মোবাইলটি কেড়ে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। শুভির স্বামী সাকেত গুপ্ত জানান, আইফোন ১৮ প্রো মোবাইলটি দিন তিনেক আগেই কেনা হয়েছিল। থানায় অভিযোগ দায়ের করেন সাকেত এবং শুভি।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর করা অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। বিসরাখ থানার এসএইচও রঞ্জিত সিংহ জানান, অভিযুক্তদের শনাক্ত করে খুঁজে বার করার জন্য ওই এলাকার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।