Advertisement
E-Paper

ইউপিআই দিয়ে টাকা পাঠানোর জন্য লাগবে না কোনও মাশুল, ফের দাবি নির্মলার, সরকারের অবস্থান জানালেন রাজ্যসভায়

ইউপিআই-এর মাধ্যমে যিনি টাকা পাঠাচ্ছেন, তাঁকে কোনও মাশুল দিতে হবে না। এ কথা আগেই জানিয়েছিল কেন্দ্র। তার পরেও বিতর্ক এবং উদ্বেগ কাটেনি। এ অবস্থায় ফের কেন্দ্রের অবস্থান বোঝালেন নির্মলা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৬ ২৩:১৪
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। — ফাইল চিত্র।

ইউপিআই পরিষেবায় মাশুল বিতর্কে ফের নিজের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। ইউপিআই দিয়ে টাকা পাঠানোর জন্য কোনও মাশুল কাটা হবে না— এ কথা শুরু থেকেই বলে আসছে কেন্দ্র। সোমবার সেটিই ফের স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

এ দিন রাজ্যসভায় ‘ট্যাক্সেশন অ্যান্ড আদার ল’জ়’ সংশোধনী বিল নিয়ে আলোচনা চলছিল। সেখানে নির্মলার বক্তৃতার পরে ধ্বনিভোটে বিলটি পাস হয়। আলোচনার সময়ে নির্মলা জানান, এই বিলে ইউপিআই পরিষেবার উপর কর বা ‘ট্রানজ়াকশন চার্জ’ চাপানোর কোনও প্রস্তাব নেই।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী এ দিন ফের স্পষ্ট করে দেন, ইউপিআই পরিষেবা ব্যবহার করে টাকা পাঠানোর জন্য কোনও মাশুল গুনতে হবে না। তিনি বলেন, “গ্রাহকদের (সাধারণ ব্যবহারকারী) কি কোনও চার্জ দিতে হবে? উত্তর হল, না। চালু হওয়ার পর থেকেই গ্রাহকেরা বিনা মাশুলে ইউপিআই পরিষেবা ব্যবহার করতে পারেন। আগামী দিনেও কোনও ট্রানজ়াকশন চার্জ ছাড়াই প্রত্যেক ভারতীয় ইনস্ট্যান্ট ডিজিটাল পরিষেবা ব্যবহার করতে পারবেন।”

লোকসভায় গত সপ্তাহেই পাস হয়েছে ‘পেমেন্ট অ্যান্ড সেট্‌লমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭’-এর সংশোধনী বিল। ‘ট্যাক্সেশন অ্যান্ড আদার ল’জ়’ সংশোধনী বিলও গত সপ্তাহে পাস হয় লোকসভায়। এ দিন রাজ্যসভায় বিলটি পাস হওয়ার পরে নির্মলা জানান, ‘পেমেন্ট অ্যান্ড সেট্‌লমেন্ট সিস্টেমস অ্যাক্ট’ এবং ‘ইনকাম ট্যাক্স অ্যাক্ট’-কে আলাদা করার প্রস্তাব দেওয়া হয়েছে এই বিলে।

বর্তমানে ইউপিআই এবং রুপে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে কোনও মাশুল আদায় করতে পারে না। তবে বিলটিতে বলা হয়েছে, কোন কোন ইলেকট্রনিক লেনদেন পদ্ধতি বিনা মাশুলে চলবে, সে বিষয়ে, তা পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্ত নিতে পারবে কেন্দ্র।

নির্মলা আগেই জানিয়েছেন, মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে, যিনি টাকা দিচ্ছেন তাঁকে মাশুল দিতে হবে না। ব্যবসায়ীদেরই সেই মাশুল দিতে হবে। সম্প্রতি তা নিয়ে বিশদ ব্যাখ্যাও দিয়েছে অর্থ মন্ত্রক। বিবৃতিতে নির্মলার মন্ত্রক জানিয়েছে, ইউপিআই-এর মাধ্যমে যিনি টাকা দিচ্ছেন, তাঁকে কোনও মাশুল দিতে হবে না। তবে মার্চেন্ট লেনদেনে কিছু ক্ষেত্রে ব্যবসায়ীদের উপর এই মাশুল প্রযোজ্য হতে পারে। তা-ও সেটি নির্দিষ্ট সীমার উপরে কোনও লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অধিকাংশ ব্যবসায়ীকেই মাশুল দিতে হবে না। যে ব্যবসায়ীদের কাছ থেকে মাশুল কাটা হবে, সেটিও ‘নামমাত্র’ মাশুল বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। সরকারি ব্যাখ্যা, যদি এটি চালু হয়, তা-ও মাশুল হবে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাশুলের চেয়ে অনেক কম।

UPI Nirmala Sitharaman

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy