ফের উত্তপ্ত মণিপুর। মঙ্গলবার রাতে অসম রাইফেলসের শিবিরে হামলা চালাল এক দল উত্তেজিত জনতা। শিবির ঘিরে ফেলে পাথর ছোড়ে তারা। বাহিনীর বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় বাহিনী। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালানো হয়।
সেনার এক জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে মাকুইলংড়ি এলাকায় সশস্ত্র বাহিনীর জমায়েতের খবর পেয়ে সেখানে তল্লাশি অভিযানে যান অসম রাইফেলেসের জওয়ানেরা। গোয়েন্দা সূত্রে খবর মেলে, যে সশস্ত্র বাহিনীকে মাকুইলংড়ি এলাকায় দেখা গিয়েছে তারা এনএসসিএন (আইএম)-এর সদস্য। তার পরই ওই এলাকায় অভিযানে যায় অসম রাইফেলস। কিন্তু সেখানে বাধার মুখে পড়তে হয় তাদের।
অসম রাইফেলস সূত্রে খবর, মাকুইলাংড়ি এবং ওকলং গ্রামে তল্লাশি চালানোর সময় স্থানীয় বাসিন্দা এবং মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয় বাহিনীকে। তাঁরা গ্রামে ঢুকতে বাধা দেন। গ্রামবাসীদের বোঝানো হয়, এলাকায় শান্তি বজায় রাখতে এবং নিরাপত্তার স্বার্থে এই তল্লাশি অভিযান। কিন্তু গ্রামে প্রবেশের পথ আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। শিবিরে ফিরে আসে বাহিনী। রাত ৯টা নাগাদ সেনাপতি শহরে অসম রাইফেলসের শিবির ঘিরে ফেলেন কয়েকশো লোক। শিবির এবং বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। সেনাপতি থানার পুলিশ এবং সিআরপিএফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিক্ষোভকারীরা বাহিনীর বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালায়।
পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি এখন পুরো নিয়ন্ত্রণে। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। চলছে টহলদারিও।