ডাবল ইঞ্জিনই সার! কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার থেকেও ফায়দা তুলতে ব্যর্থ হল পশ্চিমবঙ্গ।
গোটা দেশে একশোটি শিল্পতালুক (প্রথম দফায় ৫০টি) গড়ে তোলার প্রশ্নে রাজ্যগুলির কাছে প্রস্তাব চাওয়া হলেও, তাতে সাড়া দিল না পশ্চিমবঙ্গ। কেন্দ্র জানিয়েছে, গোটা দেশ থেকে ৮৭টি শিল্পতালুক গঠনের প্রস্তাব এলেও, তাতে পশ্চিমবঙ্গের একটিও প্রস্তাব নেই। শিল্পবান্ধব হিসেবে নতুন সরকারকে তুলে ধরার যে সুযোগ বিনিয়োগকারীদের কাছে ছিল, তা হারাল পশ্চিমবঙ্গ।
দেশে শিল্পতালুক গড়ে তোলার জন্য ‘ভব্য’ (ভারত উদ্যোগিক বিকাশ যোজনা) প্রকল্প হাতে নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। প্রায় ৩৩,৬৬০ কোটি টাকার বিনিময়ে মোট একশোটি শিল্পতালুক গড়ে তোলার পরিকল্পনা নেয় কেন্দ্র। পরিকল্পনার প্রথম পর্বে পঞ্চাশটি শিল্পতালুক গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যার জন্যরাজ্যগুলিকে সবিস্তার প্রজেক্ট রিপোর্ট ৩১ জুলাইয়ের মধ্যে কেন্দ্রকে জমা দিতে বলা হয়েছিল। এই প্রকল্পের লক্ষ্য হল, বিশ্বমানের শিল্প পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি, উৎপাদন খাতে সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের আর্থিক বৃদ্ধিকে ত্বরান্বিত করা। এই ধরনের শিল্পতালুকে ‘প্লাগ অ্যান্ড প্লে’-অর্থাৎ আগে থেকেই পরিকাঠামো তৈরি করা থাকবে, যাতে কোনও সংস্থা দ্রুত উৎপাদন শুরু করতে পারে।
অবশ্য পরিসংখ্যান বলছে, প্রথম দফায় দেশের ২৩টি রাজ্য ও লাদাখের মতো কেন্দ্রশাসিত অঞ্চল ওই প্রকল্পে বিনিয়োগ চেয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠালেও, সেই তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের। ওই কেন্দ্রীয় যোজনায় মহারাষ্ট্র ১৪টি, মধ্যপ্রদেশ ১১টি শিল্পতালুক গড়ার জন্য আবেদন জানালেও, আজ রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে দেওয়া লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানান, পশ্চিমবঙ্গের কাছ থেকে শিল্পতালুক গঠনের প্রশ্নে কোনও প্রস্তাব আসেনি। মন্ত্রক সূত্রের বক্তব্য, প্রথম দফায় ৫০টি প্রকল্পকে ছাড়পত্র দেওয়ার কথা। তাতে শর্ত মেনে শুভেন্দু অধিকারী সরকার প্রস্তাব পাঠালে পশ্চিমবঙ্গের কথা অবশ্যই ভাবা হত। শমীক ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন, “অতীতের পশ্চিমবঙ্গ সরকার এ নিয়ে আগ্রহ দেখাত না। রাজ্যে নতুন সরকার সদ্য এসেছে। গোটা ব্যবস্থা ঠিক হতে সময় লাগবে। জমি নীতির ক্ষেত্রেও সিদ্ধান্ত নেওয়া বাকি আছে। তাও বেশ কিছু সংস্থাকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমি নিশ্চিত, এই প্রকল্পের দ্বিতীয় ধাপে পশ্চিমবঙ্গ নিশ্চয় আবেদন করবে।”
মন্ত্রক জানিয়েছে, প্রকল্প ঘোষণার প্রথম দু’মাসে ২০টি ও পরের দু’মাসে ৩০টি— মোট ৫০টি শিল্পতালুক গড়ার প্রস্তাব রাজ্যগুলির থেকে চাওয়া হয়েছিল। পরের ধাপে বাকি ৫০টি শিল্পতালুক গড়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। এই শিল্পতালুকগুলির জন্য একশো থেকে হাজার একর জমি প্রয়োজন হবে। ওই শিল্পতালুকে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে প্রতি একরে এক কোটি টাকা আর্থিক সাহায্য দেবে কেন্দ্র।