এক হাতে নিজস্বী। অন্য হাতে পড়ুয়াদের ট্যাবলেট ও বেকার যুবকদের চাকরির স্বপ্ন বিলোচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যন্তর মন্তরের সরকার বিরোধী আন্দোলন থেকে শিক্ষা নিয়ে যুবসমাজের পাশে দাঁড়াতে এক দিকে আগামী ছ’মাসে এক লক্ষ সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন, অন্য দিকে তরুণ প্রজন্মের মন জয়ে সময় পেলেই ছাত্র-যুবদের পাশে দাঁড়িয়ে নিজস্বী তুলতে দেখা যাচ্ছে সন্ন্যাসী মুখ্যমন্ত্রীকে।
সম্প্রতি একাধিক অনুষ্ঠানে রীতিমতো প্রোটোকল ভেঙে নিজস্বী তুলতে দেখা যায় যোগীকে। গত ২১ অগস্ট জাপানি ছাত্রদের সঙ্গে এক অনুষ্ঠানে বিদেশি ছাত্রের আর্জিতে নিজস্বী তুলতে দাঁড়িয়ে পড়েন যোগী। গত মঙ্গলবার চাকরির চিঠি বিলির মঞ্চেও ইচ্ছুকদের সঙ্গে নিজস্বী তুলতে কার্পণ্য করেননি তিনি।
ভোটের আগে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের জন্য গোটা রাজ্যে ২৫ লক্ষ ট্যাবলেট বিলি করার সিদ্ধান্ত নিয়েছে যোগী প্রশাসন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যোজনায় প্রায় পাঁচ লক্ষ পরিবারের সমর্থন কুড়নোর লক্ষ্যেই ওই প্রকল্প। যদিও এটা তাঁদের সরকারের (২০১২-১৭) আমলে ল্যাপটপ বিলি প্রকল্প থেকে অনুপ্রাণিত বলে কটাক্ষ করেছেন এসপি নেতা অখিলেশ যাদব। বিজেপি নেতৃত্ব তথা যোগী ভালই বুঝছেন, যুব সমাজের সরে যাওয়ার অন্যতম কারণ নতুন চাকরি সৃষ্টিতে ব্যর্থতা এবং সরকারি চাকরির বাজার সঙ্কুচিত হয়ে আসা। বিষয়টি মাথায় রেখেই ছ’মাসের মধ্যে এক লক্ষ সরকারি নিয়োগের লক্ষ্যমাত্রা ধার্য করেছেন যোগী। যা সফল ভাবে রূপায়িত হলে তিনি জানেন, যুবসমাজের সমর্থন অনেকাংশে ফিরে পাবে দল।
বিজেপি যখন যুবসমাজকে কাছে টানতে ব্যস্ত, অখিলেশ তখন পাখির চোখ করেছেন মহিলা ভোটকে। তিনি ঘোষণা করেছেন, ক্ষমতায় এলে নারী সমৃদ্ধি সম্মান যোজনা চালু করে রাজ্যের প্রত্যেক মহিলাকে বাৎসরিক চল্লিশ হাজার টাকা করে দেবে তাঁর সরকার। অখিলেশের ওই ঘোষণা সামনে আসতেই পাল্টা চালে লোকমাতা অহল্যাবাই মাতৃশক্তি যাত্রা যোজনা নামে একটি প্রকল্পের ঘোষণা করেছেন যোগী। উত্তরপ্রদেশে ষাটোর্ধ্ব মহিলারা সরকারি বাসে নিখরচায় ভ্রমণের সুযোগ পাবেন বলে জানিয়েছেন তিনি।