Advertisement
E-Paper

দাদু শিল্পপতি! বিশৃঙ্খল জীবনের কারণেই কি জাতীয় দলের ক্রিকেটারের হাত ছাড়লেন দক্ষিণী অভিনেত্রী?

বাগ্‌দানের ছ’মাসের মধ্যেই পৃথ্বী শ এবং আকৃতির আগরওয়ালের বিচ্ছেদ ঘিরে তুঙ্গে জল্পনা। ঘনিষ্ঠজনেরা মনে করছেন পৃথ্বীর বিশৃঙ্খল জীবনযাপনই হয়তো এর জন্য দায়ী। তবে এ বিষয়ে হলফ করে কিছু বলা যাচ্ছে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৫
akriti agarwal and prithvi shaw
০১ / ১৪

চলতি বছরের শুরুতেই, ৮ মার্চ প্রেমিকা আকৃতি আগরওয়ালের সঙ্গে বাগ্‌দান সারেন পৃথ্বী শ। ক্রিকেটজগতে তাঁদের সম্পর্ক নিয়ে হইহই পড়ে গিয়েছিল। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের নিয়ে বাগ্‌দান সেরেছিলেন তাঁরা। কথা ছিল শীঘ্রই বিয়ে করার। কিন্তু ছ’মাস যেতে না যেতেই সম্পর্কে ইতি টানলেন যুগল।

akriti agarwal
০২ / ১৪

বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি বার্তা পোস্ট করে এ খবর জানিয়েছেন আকৃতি। গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছেন তিনি। যদিও পৃথ্বী এখনও এ বিষয়ে মুখ খোলেননি। ক্রিকেটের মাঠেও এমনিতেই তাঁর সময় খারাপ যাচ্ছে। আইপিএল তো বটেই, রাজ্য দলেও এখন তিনি নিয়মিত সুযোগ পান না। এ বার ব্যক্তিগত জীবনেও একটা ধাক্কা পেতে হল ক্রিকেটারকে।

akriti agarwal
০৩ / ১৪

সমাজমাধ্যমে করা পোস্টে আকৃতি জানিয়েছেন, “আমরা একে অপরকে ভালবাসি এবং সমীহ করি। কিন্তু আমাদের রাস্তা যে একই রকম হবে না এটাও মেনে নিতে হয়েছে। যে দায়দায়িত্ব এবং পরিস্থিতি এই মুহূর্তে আমাদের সামলাতে হচ্ছে সেটার কথা ভেবেই মৌখিক সম্মতির ভিত্তিতে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে দু’জনেই শান্তি, সুখ এবং আনন্দের জীবন চাই।’’

akriti agarwal
০৪ / ১৪

অনুরাগীদের কাছে সময় চেয়ে সেই পোস্টে আকৃতি আরও জানিয়েছেন, ‘‘সকলকে অনুরোধ, এই কঠিন সময়ে গোপনীয়তা বজায় রাখুন এবং জল্পনা ছড়ানো থেকে দূরে থাকুন। আমাদের সিদ্ধান্তের আসল কারণ নিয়ে অকারণে কোনও অনুমান করবেন না।”

akriti agarwal and prithvi shaw
০৫ / ১৪

বাগ্‌দানের ছ’মাসের মধ্যেই পৃথ্বী এবং আকৃতির বিচ্ছেদ ঘিরে তুঙ্গে জল্পনা। ঘনিষ্ঠজনেরা মনে করছেন পৃথ্বীর বিশৃঙ্খল জীবনযাপনই হয়তো এর জন্য দায়ী। তবে এ বিষয়ে হলফ করে কিছু বলা যাচ্ছে না।

akriti agarwal and prithvi shaw
০৬ / ১৪

২০২৫ সালে পৃথ্বী এবং আকৃতির সম্পর্কের কথা পাঁচকান হয়। সেই সময় গণেশ চতুর্থী-সহ আরও নানা অনুষ্ঠানে যুগলকে একসঙ্গে দেখা যায়। বিচ্ছেদের খবর ছড়ানোর পর থেকে শুরু হয়েছে আকৃতিকে নিয়ে আলোচনা।

akriti agarwal
০৭ / ১৪

আকৃতির সঙ্গে যোগ রয়েছে মুম্বইয়ের শিল্পপতি রবি ঘাইয়ের। সম্পর্কে আকৃতি রবির নাতনি। সচিন-কন্যা সারা তেন্ডুলকর এবং পৃথ্বীর বোনের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্ব আকৃতির। কানাঘুষো শোনা যায়, পৃথ্বীর বোনের মাধ্যমেই নাকি আকৃতির সঙ্গে পৃথ্বীর আলাপ হয়েছিল।

akriti agarwal
০৮ / ১৪

২০০৩ সালের ২ মে উত্তরপ্রদেশের লখনউয়ে জন্ম আকৃতির। শৈশবের বেশ কিছু দিন আকৃতি সেখানেই কাটান। স্কুলে পড়াকালীন আকৃতি পরিবারের সঙ্গে মুম্বই চলে আসেন। তার পর সেখানেই পড়াশোনা শেষ করেন।

akriti agarwal
০৯ / ১৪

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের ‘নির্মলা মেমোরিয়াল ফাউন্ডেশন কলেজ’ থেকে ম্যানেজমেন্ট নিয়ে স্নাতক হন আকৃতি। কিন্তু পেশার ক্ষেত্রে তিনি বেছে নিয়েছেন সম্পূর্ণ অন্য এক বিষয়।

akriti agarwal
১০ / ১৪

বিষয়স্রষ্টা হিসেবে আকৃতির জনপ্রিয়তা কম নয়। সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা লক্ষাধিক। ইনস্টাগ্রামে ৩০ লক্ষেরও বেশি অনুরাগী রয়েছে সুন্দরী তনয়ার।

akriti agarwal
১১ / ১৪

কোভিডের সময় থেকে আকৃতি সমাজমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন। টিকটকে ছোট ছোট ভিডিয়ো বানানো শুরু করেন তরুণী। আকৃতির নাচের ভঙ্গিমা, গানের সঙ্গে ঠোঁট নাড়ানোর কায়দা অনুরাগীদের মনে জায়গা করে নেয়। ক্রমে তিনি ইনস্টাগ্রামে নিজের ভিডিয়ো পোস্ট করা শুরু করেন। সেখানেও পরিচিতি পেতে বিশেষ সময় লাগেনি তাঁর।

akriti agarwal
১২ / ১৪

ইউটিউবেও আকৃতির অনুরাগীসংখ্যা কম নয়। প্রায় ৯০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে তাঁর। অনুরাগীরা তাঁর ভিডিয়ো দেখতে খুবই পছন্দ করেন। মূলত সাজসজ্জা এবং জীবনধারা সংক্রান্ত বিষয় নিয়েই পোস্ট করেন আকৃতি।

akriti agarwal
১৩ / ১৪

তবে আকৃতির পেশাজীবন কেবল বিষয়স্রষ্টা হিসেবেই আটকে নেই। অভিনেত্রী হিসেবেও প্রকাশ্যে এসেছেন তনয়া। রাজেশ নাইডু পরিচালিত ‘ত্রিমুখা’ নামের তেলুগু থ্রিলার ঘরানার ছবির হাত ধরে অভিনেত্রী হিসেবে পথ চলা শুরু করেছেন আকৃতি।

akriti agarwal
১৪ / ১৪

আগত দিনেও যে সমাজমাধ্যমে আকৃতির অনুরাগীসংখ্যা আরও বৃদ্ধি পাবে এমনটা অনুমান করা যেতে পারে। অভিনয়জগতেও দেখা যাবে আকৃতির ঝলক। তবে পৃথ্বীর সঙ্গে তাঁর সম্পর্ক পুনরায় কখনও ঠিক হবে কি না, তাঁরা আবার নতুন করে একসঙ্গে পথ চলার কথা ভাববেন কি না সে বিষয়ে চিন্তায় যুগলের অনুরাগীরা।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy