নেই যানজটের ঝক্কি, ভিড় ঠেলতে পারলে তিন লাইনের মেট্রো চেপেই দেখা যাবে শহরের বিখ্যাত সব পুজো! রইল তার হদিস
যানজটের কারণে অনেকেই কোন যানে চড়ে ঠাকুর দেখতে যাবেন, ভেবে কূল পান না। এ ক্ষেত্রে আপনার বন্ধু হতে পারে কলকাতা মেট্রো। মেট্রোর ভিড় ঠেলতে পারলেই দেখে নিতে পারবেন কলকাতার বিভিন্ন প্রান্তের নানা সেরা পুজো।
দুর্গাপুজো মানেই পরিবার ও বন্ধুদের সঙ্গে দল বেঁধে হই হই করে ঠাকুর দেখতে যাওয়া। বাঙালি হিন্দুদের পুজোকালীন রেওয়াজের মধ্যেই পড়ে এটি। তবে যানজটের কারণে অনেকেই কী ভাবে বা কোন যানে চড়ে ঠাকুর দেখতে যাবেন, ভেবে কূল পান না। এ ক্ষেত্রে আপনার বন্ধু হতে পারে কলকাতা মেট্রো। মেট্রোর ভিড় ঠেলতে পারলেই দেখে নিতে পারবেন কলকাতার বিভিন্ন প্রান্তের নানা সেরা পুজো। কোন পুজোর মণ্ডপ দেখতে কোন স্টেশনে নামতে হবে, জেনে নিন।
নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশনে এখনও কাজ চলায় বর্তমানে ব্লু লাইনের দক্ষিণ দিকের প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম। সেই স্টেশনে নামলে দেখা যাবে দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত পুজো কেন্দুয়া শান্তি সঙ্ঘ। এর সঙ্গে বাড়তি প্রাপ্তি হবে পাটুলি সেন্ট্রাল ক্লাবের পুজো।
এর পর চলে যান পরবর্তী স্টেশন কবি নজরুলে। গড়িয়া ব্রিজি এলাকায় মায়ের দর্শন করতে আপনি যেতে পারেন পঞ্চদুর্গা সর্বজনীন এবং নবদুর্গা সর্বজনীনের আয়োজন চাক্ষুষ করতে।
পরবর্তী স্টেশন গীতাঞ্জলির কাছে রয়েছে নাকতলা উদয়ন সঙ্ঘ। এই পুজোর ভালই পরিচিতি রয়েছে।
বাঁশদ্রোণী এলাকাতেও রয়েছে দু’টি বিখ্যাত পুজোর মণ্ডপ। সেগুলি দেখার জন্য নামতে হবে মাস্টারদা সূর্য সেনে। দেখতে পাবেন মৈত্রী পার্ক সর্বজনীন এবং রায়নগর উন্নয়ন সমিতির পুজো।
আরও পড়ুন:
পরবর্তী স্টেশন নেতাজিতে নামলে দেখা যাবে কুঁদঘাটের নামজাদা প্যান্ডেল হরিদেবপুর অজেয় সংহতির পুজো।
মহানায়ক উত্তম কুমারের আশপাশে রয়েছে বেশ কয়েকটি নামী পুজো মণ্ডপ। টালিগঞ্জ এলাকার এই স্টেশনে নেমেই দেখতে যেতে পারেন বড়িশা ক্লাব, বড়িশা উদয়ন সঙ্ঘ, হরিদেবপুর ৪১ পল্লী এবং বিবেকানন্দ পার্ক।
রবীন্দ্র সরোবর মেট্রোর চারপাশ ঘিরে রয়েছে দক্ষিণের বিভিন্ন বিখ্যাত পুজো মণ্ডপ। স্টেশন থেকে বেরিয়ে সরোবরের পাশের রাস্তা ধরে হেঁটে গেলেই দেখে ফেলা যাবে মুদিয়ালি ক্লাব এবং শিবমন্দির। এ ছাড়া স্টেশনের বাইরে থেকে অটো বা বাস ধরে চলে যান সাউথ সিটি। সেখানকার ঠাকুর দেখে সোজা হাঁটলেই পৌঁছে যাবেন তালতলার পুজোয়। এর পর সেই চত্বরেই রয়েছে যোধপুর পার্ক, ৯৫ পল্লী, সেলিমপুর এবং বাবুবাগান। পা সঙ্গ দিলে সেগুলিও দেখে নেওয়া যেতে পারে। এ ছাড়া রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকেই যাওয়া যেতে পারে সুরুচি সঙ্ঘের মণ্ডপেও।
কালীঘাট মেট্রো স্টেশনের আশপাশেও রয়েছে দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি নামকরা পুজো। গড়িয়াহাটের দিকে হাঁটলে দেখে ফেলতে পারবেন দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী সঙ্ঘ, ত্রিধারা, হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব, সিংহী পার্ক এবং একডালিয়া এভারগ্রীন। আর, গড়িয়াহাটের দিকে না এসে যদি কালীঘাটের মন্দিরের দিকে যান, তা হলেও সমস্যা নেই। সে দিকে দেখতে পাবেন বাদামতলা আষাঢ় সঙ্ঘ, ৬৬ পল্লী এবং চেতলা অগ্রণী।
আরও পড়ুন:
যতীন দাস পার্কে নামলে দেখা যাবে হাজরার বিখ্যাত পুজোগুলি। ম্যাডক্স স্কোয়ার থেকে শুরু করে হাজরা পার্ক, ২৩ পল্লী এবং সঙ্ঘশ্রীর মণ্ডপে এই স্টেশন থেকে অনায়াসে চলে যাওয়া যাবে।
নেতাজি ভবনের কাছেও রয়েছে বেশ কয়েকটি নামজাদা পুজো মণ্ডপ। ভবানীপুর দুর্গোৎসব, পদ্মপুকুর বারোয়ারি সমিতি, ৭৫ পল্লী, ৬৮ পল্লী, ৭৬ পল্লী, অগ্রদূত উদয়ন সঙ্ঘ এবং চক্রবেড়িয়া নর্থ সর্বজনীন। পায়ে জোর থাকলে এক দিনেই এগুলি সব দেখে নেওয়া যাবে।
পরবর্তী স্টেশন রবীন্দ্র সদনে নেমে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাওয়ার মাঝেও দেখে নেওয়া যাবে দু’টি বিখ্যাত পুজো। সদন মেট্রো স্টেশনের নিকটেই রয়েছে ২২ পল্লী এবং নর্দার্ন পার্ক।
পার্ক স্ট্রিট মানেই ভেসে আসে বড়দিনের কথা। তবে, এ বছর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কেও দুর্গা প্রতিমা এসেছে। এই মেট্রো স্টেশনে নেমে নামী রেস্তরাঁয় খেতে যাওয়ার আগে সেই ঠাকুর দেখে নেওয়া যেতে পারে।
এসপ্ল্যানেড মেট্রোয় নেমে পুজোর কেনাকাটা তো করেন, কিন্তু সেই স্টেশন চত্বরের কাছেই যে একটি বনেদি বাড়ির পুজো রয়েছে, সে সম্বন্ধে জানা রয়েছে কি? এসপ্ল্যানেড স্টেশনে নেমে কয়েক মিনিট হেঁটে জানবাজার চলে এলেই দেখতে পারবেন রানি রাসমণির বাড়ির পুজো। এর পাশাপাশি আশপাশে বেশ কিছু বহরে ছোট দুর্গাপুজোর আয়োজনও দেখে নিতে পারেন।
চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে রয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার এবং তালতলা সর্বজনীনের পুজো।
সেন্ট্রাল মেট্রোয় নেমে বইপাড়ার ভিতর দিয়ে হেঁটে পৌঁছে যেতে পারেন লেবুতলা পার্কের পুজোয়।
মহম্মদ আলি পার্ক এবং কলেজ স্কোয়ারের পুজো দেখার জন্য নামতে হবে এমজি রোড মেট্রো স্টেশনে।
পরবর্তী মেট্রো স্টেশন গিরীশ পার্ক থেকে শুরু হয়ে যাচ্ছে উত্তর কলকাতার বিখ্যাত সমস্ত পুজো। এখানে নেমে হাঁটা শুরু করলে পর পর দেখে নিতে পারবেন সিমলা ব্যায়াম সমিতি, পাথুরিঘাটা পাঁচের পল্লী, চালতাবাগান, ৩৭ পল্লী, চোরবাগান সর্বজনীন এবং জোড়াসাঁকো।
পরের স্টেশন শোভাবাজার শুনলেই বেশির ভাগ কলকাতাবাসীর মাথায় ভেসে আসে শোভাবাজার রাজবাড়ির কথা। তবে রাজবাড়ি ছাড়াও এই মেট্রো স্টেশন চত্বরের কাছে রয়েছে আরও বেশ কয়েকটি নামকরা পুজো মণ্ডপ। আহিরীটোলা, কুমোরটুলি সর্বজনীন, কুমোরটুলি পার্ক, হাতিবাগান সর্বজনীন, গৌরীবাড়ি, তেলেঙ্গাবাগান, কাশী বোস লেন, করবাগান, নলিন সরকার স্ট্রিট এবং হাতিবাগান নবীন পল্লীর মতো বিখ্যাত মণ্ডপগুলি এই স্টেশন থেকেই যাওয়া যায়।
শ্যামবাজারও কিন্তু বিখ্যাত পুজোর দৌড়ে পিছিয়ে নেই। ব্লু লাইনের এই মেট্রো স্টেশনে নেমে দেখে নিতে পারেন বাগবাজার সর্বজনীন, শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়ন, শিকদার বাগান, কবিরাজ বাগান সর্বজনীন এবং নর্থ ত্রিধারা।
বেলগাছিয়া মেট্রো স্টেশনের কাছেও রয়েছে উত্তর কলকাতার বেশ কয়েকটি নামজাদা পুজো মণ্ডপ। টালা প্রত্যয়, টালা পার্ক, টালা বারোয়ারি, লেকটাউন যুবক বৃন্দ, নেতাজি স্পোর্টিং, শ্রীভূমি এবং লেকটাউন অ্যাসোসিয়েশনের মতো বিখ্যাত পুজোগুলিতে এই স্টেশন থেকে বেরিয়ে চলে যেতে পারেন।
দমদম মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দেখে নিতে পারবেন দমদম পার্ক তরুণ দল, দমদম পার্ক ভারতচক্র এবং দমদম পার্ক তরুণ সঙ্ঘ।
নোয়াপাড়া মেট্রো স্টেশনের এলাকায় পেয়ে যাবেন গ্রিন পার্ক নেতাজি ইউনাইটেড ক্লাব, নেতাজি কলোনি লোল্যান্ড এবং সিঁথি মোড় বন্ধু দল স্পোর্টিং-এর পুজো।
ব্লু লাইন ধরে ঠাকুর দেখার শেষ হয় বরাহনগরে। সেখানকার রবীন্দ্রনগর যুবকবৃন্দ এবং নরেন্দ্রনগর সর্বজনীন দেখে শেষ করতে পারেন ব্লু লাইনের পুজো পরিক্রমা।
এর পর চলে আসা যাক গ্রিন লাইনের মেট্রোয়। এখানেও মণ্ডপের বহর নেহাত কম নয়। এই লাইনের পূর্ব প্রান্তের প্রান্তিক স্টেশন সেক্টর ফাইভ চত্বরে দেখে নিতে পারেন নিউ টাউন সর্বজনীন, সনাতনী দুর্গাপুজো এবং ডিবি ব্লক।
পরবর্তী স্টেশন করুণাময়ীতে নেমে দেখা যাবে সল্টলেকের বিখ্যাত দুই পুজো। এজে ব্লক এবং একে ব্লক।
করুণাময়ীতে ঠাকুর দেখে মেট্রো ধরে সোজা সিটি সেন্টারে গিয়ে নামুন। সেখানে এফডি ব্লকের পুজো দেখে নিন।
এর পর সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনে নেমে আইবি ব্লকের পুজো দেখুন।
তার পর শিয়ালদহ এসে দেখে নিতে পারেন লেবুতলা পার্ক এবং শিয়ালদহ অ্যাথলেটিকের পুজো।
গ্রিন লাইনের অপর পাশের প্রান্তিক স্টেশন হাওড়া ময়দানে চলে গেলে দেখা যাবে অন্নপূর্ণা জাতীয় সেবাদলের পুজো।
কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনের কাছেও রয়েছে বেশ কয়েকটি ভাল পুজো মণ্ডপ। স্টেশন থেকে বেরিয়ে অ্যাক্রোপলিস শপিং মলের দিকে হাঁটা দিলেই দেখে ফেলতে পারবেন রাজডাঙা নব উদয় সঙ্ঘ, বোসপুকুর শীতলামন্দির, বোসপুকুর তালবাগান এবং পূর্বাচল শক্তিসঙ্ঘ।