রুটির সঙ্গে খাওয়ার জন্য ভাজা হবে না তরকারি, তা নিয়ে নিত্য ভাবনা হয় গৃহিনীদের। একঘেয়ে সব্জিও প্রতিদিন মুখে রোচে না। তরকারি নয়, পাঁচ রকম ডাল দিয়ে রাজস্থানি কায়দায় রেঁধে ফেলুন ‘পাঁচমেল’ বা ‘পঞ্চমেল’। রুটি, পরোটার সঙ্গে তো বটেই, ভাতের সঙ্গেও খাওয়া যাবে এই পাঁচমিশেলি ডাল। খেতেও হবে সুস্বাদু।
উপকরণ
এক কাপ সবুজ মুগ
এক কাপ বিউলির ডাল
এক কাপ ছোলার ডাল
এক কাপ মুসুর ডাল
এক কাপ মুগ ডাল
৩ টেবিল চামচ ঘি
১ চা-চামচ গোটা জিরে
আধ চা-চামচ হিং
২টি লাল শুকনো লঙ্কা
৩-৪টি চেরা কাঁচালঙ্কা
১ চা-চামচ হলুদ
১ চা-চামচ ধনেগুঁড়ো
আধ চা-চামচ হিং
১ চা-চামচ আদা কুচি
২ টেবিল চামচ ধনেপাতা কুচি
প্রণালী: ডাল ধুয়ে অন্তত ৬-৭ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। প্রেশার কুকারে স্বাদমতো নুন-হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। জল খুব বেশি দেওয়ার দরকার নেই।
কড়াইয়ে ঘি দিন। ঘি গরম হলে হিং, গোটা জিরে, শুকনো এবং কাঁচালঙ্কা ফোড়ন দিন। যোগ করুন আদাকুচি, হলুদগুঁড়ো, ধনেগুঁড়ো যোগ করুন। আঁচ কমিয়ে হালকা ভেজে নিন। মিশ্রণটি ডালের মধ্যে দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। উপর থেকে ছড়িয়ে দিন ধনেপাতাকুচি এবং ঘি। তা হলেই তৈরি হয়ে যাবে ডালের ‘পঞ্চমেল’।