চিকেন দো পেঁয়াজা জনপ্রিয় খাবার। তবে হাঁসের ডিমের দো পেঁয়াজা খেয়ে দেখেছেন কি? মশলা, নুন, ঝালের মাপ ঠিক রেখে যদি এ রান্না করা যায়, স্বাদ হবে অনবদ্য। রোজের ডিমের কারি, কালিয়ার থেকে স্বাদেও হবে ভিন্ন। বাটা এবং ডুমো করে কাটা দুই ধরনের পেঁয়াজের ব্যবহার হয় বলেই এমন রান্নার নাম দো পেঁয়াজা বলেন অনেকে।
উপকরণ
হাঁসের ডিম সেদ্ধ ৫টি
৩ টি বড় পেঁয়াজ
২টি বড় টম্যাটো
২ টেবিলচামচ আদা-রসুন বাটা
আরও পড়ুন:
১ টেবিলচামচ জিরে
২ টেবিলচামচ রসুনকুচি
২টি শুকনো কাঁচালঙ্কা
২ টেবিলচামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
৪-৫টি কাঁচালঙ্কা
১ চা-চামচ জিরেগুঁড়ো
১ চা-চামচ ধনেগুঁড়ো
৩ টেবিলচামচ সাদা তেল
১ টেবিলচামচ ঘি
১ টেবিলচামচ টক দই
স্বাদমতো নুন
স্বাদমতো চিনি
প্রণালী: সেদ্ধ করা ডিম সাদা তেলে নুন, হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। ডিমের গায়ে ছুরি দিয়ে ফালা করে দিন, যাতে মশলা ঢোকে।
কড়াইয়ে তেল এবং ঘি দিয়ে শুকনোলঙ্কা ফোড়ন দিন। দু’টি পেঁয়াজ বেটে দিয়ে দিন। কষিয়ে নিয়ে যোগ করুন আদা এবং রসুনবাটা। নুন, হলুদ, গুঁড়োলঙ্কা, কাঁচালঙ্কা দিয়ে কষিয়ে দিয়ে দিন টম্যাটো বাটা। সমস্ত উপকরণ ভাল করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। দিতে হবে জিরে, ধনেগুঁড়ো। ফেটানো জল ঝরানো টক দই। আঁচ কমিয়ে আবার খানিক কষিয়ে নিন। তেল ছেড়ে গেলে অল্প গরম জল যোগ করে ফুটিয়ে নিন। ভাজা সেদ্ধ ডিম দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিন।
অন্য একটি কড়াইয়ে তেল দিন। জিরে ফোড়ন দিয়ে রসুনকুচি দিয়ে দিন। হালকা ভাজা করে ডুমো করে কাটা পেঁয়াজ, টম্যাটোকুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। দিয়ে দিন স্বাদমতো নুন। কাঁচা গন্ধ চলে গেলে, পেঁয়াজ একটু নরম হলে তেল-সহ ডিমের ঝোলে ঢেলে দিন। মিনিট ২ নাড়াচাড়া করে নিলে তৈরি হয়ে যাবে হাঁসের ডিমের দো পেঁয়াজা। গা-মাখা কাই আর হাঁসের ডিমের স্বাদ লাগবে অনবদ্য।