গলে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়েছে ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। তার পরেও কলম্বোয় দ্বিতীয় টেস্টে বদলের সম্ভাবনা রয়েছে। আতশকাচের নীচে এক ক্রিকেটারের পারফরম্যান্স। জায়গা হারাতে পারেন তিনি।
শ্রীলঙ্কার মাটিতে স্পিন সহায়ক পিচেও ভাল বল করতে পারেননি কুলদীপ যাদব। দুই ইনিংস মিলিয়ে ২৫ ওভার বল করেছেন। ১০৩ রান দিয়ে মাত্র ১ উইকেট নিয়েছেন তিনি। ওভারপ্রতি ৪ রানের বেশি দিয়েছেন। সেখানে মানব সুতার দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন। রবীন্দ্র জাডেজাও নিয়েছেন ৪ উইকেট। কিন্তু কুলদীপের পারফরম্যান্স সন্তুষ্ট করতে পারেনি গৌতম গম্ভীর, শুভমন গিলকে।
ফলে কলম্বোয় কুলদীপকে বাদ দেওয়া হতে পারে। বদলে ৩৩ বছর বয়সে ভারতের টেস্ট দলে অভিষেক হতে পারে মধ্যপ্রদেশের অলরাউন্ডার সারাংশ জৈনের। সুতার ও জাডেজার মতো দুই বাঁহাতি স্পিনারের পাশাপাশি সারাংশের ডানহাতি স্পিন বেশি কার্যকর হতে পারে। বিশেষ করে শ্রীলঙ্কা দলে বেশ কয়েক জন ডানহাতি ব্যাটার রয়েছেন। ফলে সারাংশের খেলার সম্ভাবনা অনেকটাই বেশি।
মধ্যপ্রদেশের অলরাউন্ডার ডান হাতে অফস্পিন বল করেন। বাঁ হাতে ব্যাট করেন। তিনি ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে ২২২৩ রান করেছেন। গড়় ৩১.৭৫। পাশাপাশি ১৮৮টি উইকেটও নিয়েছেন তিনি। লিস্ট এ ও টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে মোট ৬৭টি ম্যাচে খেলেছেন। তবে লাল বলের ক্রিকেটই তাঁর শক্তিশালী জায়গা।
আরও পড়ুন:
ভারতের প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার সুবোধ জৈনের ছেলে সারাংশ। গত কয়েক মরসুমে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল খেলেছেন। তাঁর উত্থান একটু দেরিতেই হয়েছে। ২০১৪ সালে অভিষেক হলেও নজরে আসেন ২০২২ সালে। মাঝের এই সময়ে মাত্র আটটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। মধ্যপ্রদেশের হয়ে সে বার নকআউটে ভাল খেলেছিলেন। ১৩টি উইকেটের পাশাপাশি একটি অর্ধশতরান করেছিলেন। মধ্যপ্রদেশ সে বার রঞ্জি ট্রফি জেতে।
গত রঞ্জিতে ৫১৮ রান করেছিলেন। ৩০টি উইকেটও নিয়েছিলেন। দলীপ ট্রফিতেও ভাল খেলেছিলেন। মধ্যাঞ্চলের হয়ে খেলতে নেমে দু’টি ম্যাচে দু’টি অর্ধশতরান এবং ১৬টি উইকেট নিয়েছিলেন। প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হন। গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে নেট বোলার হিসাবে খেলেছিলেন।
এ মাসের শুরুতে তিনি ভারত এ দলের হয়ে শ্রীলঙ্কায় খেলে এসেছেন। প্রথম ম্যাচে তেমন কিছু না করলেও দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৭০ রানের পাশাপাশি ছ’টি উইকেট নেন। শ্রীলঙ্কার পরিবেশের সঙ্গে পরিচিত থাকার কারণেই তাঁকে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় অভিষেক হলে ১৯৯৮ সালে রবিন সিংহের পর ভারতের প্রথম ব্যাটার হিসাবে ৩৩ বছর বয়সে কারও টেস্ট অভিষেক হবে।