গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত। কিন্তু ভারতের সেমিফাইনালে ওঠার সুযোগ খুব কম। নেপথ্যে এবারের প্রতিযোগিতার নিয়ম। সেই নিয়মের কারণেই বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার খুব কাছে হরমনপ্রীত সিংহেরা।
এবারই প্রথম গ্রুপ পর্বের পর রয়েছে আরও একটি গ্রুপ পর্ব। আদতে কোয়ার্টার ফাইনাল হলেও অঙ্কটা একটু আলাদা। এ, বি, সি ও ডি, এই চারটি পুলের প্রথম দুই দলকে আবার দু’টি পুলে ভাগ করা হয়েছে। তার নাম পুল ই ও এফ। পুল ডি-র শীর্ষে থাকা ইংল্যান্ড ও দ্বিতীয় স্থানে থাকা ভারত পুল ই-তে রয়েছে। সেই পুলে রয়েছে এ পুলের শীর্ষ দুই দল। শীর্ষস্থানে রয়েছে নেদারল্যান্ডস। দ্বিতীয় স্থানে থাকবে আর্জেন্টিনা বা নিউ জ়িল্যান্ডের মধ্যে একটি দল।
এই পর্বে একটি পুলের দু’টি দল অপর পুলের দু’টি দলের বিরুদ্ধে খেলবে। অর্থাৎ, ভারত ও ইংল্যান্ড খেলবে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা বা নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। এই দু’টি ম্যাচের ফলের উপরেই নির্ভর করবে কোন দুই দল সেমিফাইনালে উঠবে।
কিন্তু সেখানে একটি বিষয় রয়েছে। গ্রুপ পর্ব থেকে যে দুই দল কোয়ার্টার ফাইনালে উঠেছে, তাদের নিজেদের মধ্যে খেলার পয়েন্ট ও গোলপার্থক্য পরের রাউন্ডে হিসাব করা হবে। অর্থাৎ, ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের পয়েন্ট ও গোলপার্থক্য পরের রাউন্ডে হিসাব হবে। ইংল্যান্ড শুরু করবে ৩ পয়েন্ট ও +২ গোলপার্থক্য নিয়ে। ভারত শুরু করবে শূন্য পয়েন্ট ও -২ গোলপার্থক্য নিয়ে।
আরও পড়ুন:
যেহেতু নেদারল্যান্ডস আর্জেন্টিনা ও নিউ জ়িল্যান্ড দু’দলকেই হারিয়েছে তাই যারাই কোয়ার্টার ফাইনালে উঠুক ডাচেরা সুবিধা পাবে। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠলে নেদারল্যান্ডস ৩ পয়েন্ট +২ গোলপার্থক্যে শুরু করবে। আর্জেন্টিনা শুরু করবে শূন্য পয়েন্ট ও -২ গোলপার্থক্য নিয়ে। নিউ জ়িল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠলে নেদারল্যান্ডস ৩ পয়েন্ট +৪ গোলপার্থক্যে শুরু করবে। নিউ জ়িল্যান্ড শুরু করবে শূন্য পয়েন্ট ও -৪ গোলপার্থক্য নিয়ে।
এই পরিস্থিতি থেকে সেমিফাইনালে যেতে গেলে দু’টি ম্যাচই জিততে হবে ভারতকে। তা-ও গোলপার্থক্য বাড়িয়ে নিয়ে। কারণ, ভারত দু’টি ম্যাচ জিতলে ৬ পয়েন্ট হবে হরমনপ্রীতদের। তার পরেও ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের সুযোগ রয়েছে ৬ পয়েন্টে শেষ করার। কারণ, একটি করে ম্যাচ জিতলেই তাদের ৬ পয়েন্ট হবে। সেক্ষেত্রে গোলপার্থক্যে সেরা দুই দল সেমিফাইনালে যাবে। ২২ ও ২৪ অগস্ট নিজেদের দু’টি ম্যাচ খেলবে ভারত।
এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, একটি ম্যাচে ড্র করলেই ভারত বিশ্বকাপ থেকে বিদায় নেবে। তখন হরমনপ্রীতদের খেলতে হবে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ণয়কারী ম্যাচে। ৫১ বছর পর হকি বিশ্বকাপ জেতার স্বপ্ন আরও এক বার ধাক্কা খাবে তাঁদের।