Advertisement
E-Paper

শ্রেয়সদের কাছে টানা দু’ম্যাচ হেরে দলই বদলে ফেলল নিউ জ়িল্যান্ড! বিশ্রামে পাঠানো হল কয়েক জন ক্রিকেটারকে

টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতের কাছে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে দলে বেশ কিছু রদবদল করল নিউ জ়িল্যান্ড। মূলত জোরে বোলারদের ধকলের বিষয়টি বিবেচনা করা হয়েছে লম্বা সিরিজ়ের কথা ভেবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১২:৪০
Picture of Cricket

মিচেল স্যান্টনার। ছবি: এক্স।

ভারতের কাছে টানা দু’টি টি-টোয়েন্টি ম্যাচ হেরে দলই বদলে ফেলল নিউ জ়িল্যান্ড! একাধিক ক্রিকেটারকে বিশ্রামে পাঠানো হচ্ছে। মূলত জোরে বোলারদের ধকলের কথা মাথায় রেখেই পরিবর্তনের সিদ্ধান্ত বলে জানিয়েছে নিউ জ়িল্যান্ড ক্রিকেট। সিরিজ় জিততে হলে বাকি তিনটি ম্যাচ জিততেই হবে মিচেল স্যান্টনারদের।

প্রথম দুই ম্যাচে খেলা জোরে বোলার লকি ফার্গুসনকে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁকে সিরিজ়ের শেষ দু’টি ম্যাচের দলে আবার রাখা হয়েছে। আর এক জোরে বোলার ম্যাট হেনরিকে টি-টোয়েন্টি সিরিজ়ে আর খেলাবে না কিউয়িরা। তিনি আগামী ২ নভেম্বর অকল্যান্ডে এক দিনের দলের সঙ্গে যোগ দেবেন। প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচে না খেলা কাইল জেমিসনকে শুধু তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের দলে রাখা হয়েছে। তিনিই ক্রাইস্টচার্চেই থাকবেন। এক দিনের সিরিজ়ের আগে ৩১ অক্টোবর তিনি ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচ খেলবেন।

বাকি তিনটি ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে ব্লেয়ার টিকনারকে। শেষ দু’টি ম্যাচের দলে রাখা হয়েছে জশ ক্লার্কসনকে। নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের হয়ে বেসরকারি টেস্টে খেলা ম্যাট ফিশারকে রাখা রয়েছে শুধু তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের দলে। তিনি থাকছেন অতিরিক্ত ক্রিকেটার হিসেবে।

নিউ জ়িল্যান্ডের কোচ রব ওয়াল্টার বলেছেন, ‘‘টি-টোয়েন্টি সিরিজ়ের শুরুটা খুব হাড্ডাহাড্ডি হয়েছে। প্রথম দু’টো ম্যাচে টানটান লড়াই হয়েছে। আগামী কয়েক দিনে আমাদের প্রচুর ক্রিকেট খেলতে হবে। তাই ক্রিকেটারদের ধকলের কথা মাথায় রাখতে হচ্ছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমরা ভাগ্যবান। কারণ আমাদের দলের গভীরতা দুর্দান্ত। বিশেষ করে জোরে বোলিং আক্রমণ সামলানোর মতো অনেক ক্রিকেটার আমাদের হাতে রয়েছে। প্রধান বোলারদের ধকল কমাতে আমরা ওদের সাহায্য নিতেই পারি।’’

নিউ জ়িল্যান্ডের টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, বেভন জ্যাকবস, মাইকেল ব্রেসওয়েল, নাথান স্মিথ, অ্যাডাম মিলনে, ডেভন কনওয়ে, জেকব ডাফি, লকি ফার্গুসন (শেষ দু’টি ম্যাচ), কাইল জেমিসন (শুধু তৃতীয় ম্যাচ), ম্যাট ফিশার (শুধু তৃতীয় ম্যাচ), ব্লেয়ার টিকনার (শেষ তিনটি ম্যাচ), জশ ক্লার্কসন (শেষ দু’টি ম্যাচ)।

India Vs New Zealand T20I team Shreyas Iyer Mitchell Santner

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy