Advertisement
E-Paper

নিউ জ়িল্যান্ড টেস্ট সিরিজ়ে আবার ডাক পেতে পারেন আকাশদীপ, এক দিনের সিরিজ়ের শেষ দুই ম্যাচে অধিনায়ক শ্রেয়স?

ভারতের বিরুদ্ধে নিউ জ়িল্যান্ড টেস্ট সিরিজ়ের দলে ডাক পেতে পারেন আকাশদীপ। টেস্ট সিরিজ়ের প্রস্তুতির জন্য যদি শুভমন গিল শেষ দু’টি এক দিনের ম্যাচে না খেলেন তা হলে অধিনায়ক হতে পারেন শ্রেয়স আয়ার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ২০:১০
cricket

আকাশদীপ। — ফাইল চিত্র।

ভারতের বিরুদ্ধে নিউ জ়িল্যান্ড সিরি‌জ় শুরু হচ্ছে এ মাসেই। সেই সফরে টেস্ট সিরিজ়ের দলে আবার ডাক পেতে পারেন বাংলার জোরে বোলার আকাশদীপ। নিউ জ়িল্যান্ডে বাউন্স-সহায়ক পিচের কথা ভেবে তাঁকে নেওয়া হতে পারে। এ ছাড়া, টেস্ট সিরিজ়ের প্রস্তুতির জন্য যদি শুভমন গিল শেষ দু’টি এক দিনের ম্যাচে না খেলেন তা হলে অধিনায়ক হতে পারেন শ্রেয়স আয়ার।

পিঠের চোটের জন্য সাত মাস ক্রিকেটের বাইরে ছিলেন আকাশ। ইরানি কাপের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। দুই ইনিংস মিলিয়ে ২৪ ওভার বল করে ৬৮ রানে ৬ উইকেট নিয়েছেন।

‘পিটিআই’-কে বোর্ডের সূত্র বলেছেন, “ভারতের দল পরিচালন সমিতির তরফে অবশিষ্ট ভারতের কোচিং স্টাফকে বলা হয়েছে আকাশদীপের যত্ন নিতে। কারণ নিউ জ়িল্যান্ড সিরিজ়ে ও দলে ফিরবে। এখন পুরোপুরি ফিট। বলের গড় গতি ঘণ্টায় ১৩৮-১৪০ কিলোমিটারের মধ্যে থাকছে।”

মঙ্গলবার বা বুধবার নির্বাচক কমিটির বৈঠক হতে পারে। অজিত আগরকরের মেয়াদ শেষ হওয়ায় প্রজ্ঞান ওঝা নেতৃত্ব দেবেন। ভারত ‘এ’ দলের ছদ্ম সফরের দল বেছে নেওয়া হবে। তারা নিউ জ়িল্যান্ডে গিয়ে তিনটি বেসরকারি টেস্ট খেলবে।

শেষ এক দিনের ম্যাচ এবং প্রথম টেস্টের আগে মাত্র চার দিনের ব্যবধান রয়েছে। তার মধ্যে এক দিন চলে যাবে যাতায়াতেই। তাই টেস্টের প্রস্তুতির লক্ষ্যে শুভমন গিল, যশস্বী জয়সবাল, কেএল রাহুল-সহ টেস্ট দলে থাকা ক্রিকেটারদের না-ও খেলানো হতে পারে। সে ক্ষেত্রে এক দিনের দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স।

যে হেতু ভারত ‘এ’ দলের সিরিজ়ের সঙ্গেই এক দিনের সিরিজ় পড়ছে, তাই কিছু ক্রিকেটার ‘এ’ দলের বদলে ৫০ ওভারের ফরম্যাটে খেলতে পারেন। তবে ঋষভ পন্থ, দেবদত্ত পডিক্কল, ধ্রুব জুরেলদের চেষ্টা করা হচ্ছে অন্তত একটি ‘এ’ দলের টেস্ট খেলানোর।

এক দিনের দলে ভারতের সহ-অধিনায়ক শ্রেয়স। তিনিই শেষ দু’টি ম্যাচে নেতৃত্ব দিতে পারেন। কারণ টেস্ট দলে থাকার সম্ভাবনা তাঁর নেই।

টেস্ট দলে ১৬-১৭ জনকে নেওয়ার ভাবনা চলছে, যাতে কেউ চোট পেলে সহজেই পরিবর্ত বেছে নেওয়া যায়। আপাতত ৬০ ক্রিকেটারের ভিসার তালিকা তৈরি রেখেছে বোর্ড।

India Vs New Zealand Akash Deep Shreyas Iyer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy