Advertisement
E-Paper

ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্ক! একই রাজ্যে তিনটি রঞ্জি দলের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু ২৫০ তরুণ ক্রিকেটারের

বিক্ষোভকারীরা মূলত মধ্য উত্তরপ্রদেশ ও পূর্বাঞ্চলের ক্রিকেটার। তাঁদের দাবি, তিনটি আলাদা আলাদা ক্রিকেট সংস্থা তৈরি করতে হবে। প্রতিটি সংস্থার অধীনে আলাদা দল থাকবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৬ ১২:০৬
cricket

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

নতুন বিতর্ক শুরু হয়েছে ভারতের ঘরোয়া ক্রিকেটে। উত্তরপ্রদেশে তিনটি রঞ্জি দলের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন তরুণ প্রজন্মের ক্রিকেটারেরা। তাঁদের দাবি, এত বড় রাজ্যে একটি দল থাকলে হবে না।

জানা গিয়েছে, রবিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার দফতরের সামনে হাজির হন প্রায় ২৫০ তরুণ ক্রিকেটার। সঙ্গে ছিলেন তাঁদের বাবা-মা। সেখানে গিয়ে তাঁরা বিক্ষোভ দেখানো শুরু করেন। তাঁদের দাবি, উত্তরপ্রদেশ এত বড় রাজ্য। সেখানে প্রতি বছর এত ক্রিকেটার উঠে আসেন। কিন্তু তাঁদের একটিই রঞ্জি দল। ফলে বহু ভাল ক্রিকেটার রাজ্য দলে সুযোগ পান না। তাই অন্তত তিনটি রঞ্জি দল করতে হবে। তা হলে আরও বেশি ক্রিকেটার সুযোগ পাবেন।

বিক্ষোভকারীরা মূলত মধ্য উত্তরপ্রদেশ ও পূর্বাঞ্চলের ক্রিকেটার। তাঁদের দাবি, তিনটি আলাদা আলাদা ক্রিকেট সংস্থা তৈরি করতে হবে। প্রতিটি সংস্থার অধীনে আলাদা দল থাকবে।

এই বিক্ষোভের পর উত্তরপ্রদেশ ক্রিকেটারদের সংস্থার সভাপতি অরবিন্দ সিংহ সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, এর আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একের বেশি রঞ্জি দলের পক্ষে কথা বলেছিলেন। উত্তরপ্রদেশের জনসংখ্যা প্রায় ২৫ কোটি। এত জনসংখ্যার রাজ্যে একের বেশি রঞ্জি দল থাকা উচিত বলে তিনিও মনে করেন।

অরবিন্দ জানিয়েছেন, উত্তরপ্রদেশ টি২০ লিগে পূর্বাঞ্চল ও মধ্য উত্তরপ্রদেশের ক্রিকেটারদের দিকে কম নজর দেওয়া হয়েছে। প্রতিযোগিতায় খেলা ১৫০ ক্রিকেটারের মধ্যে মাত্র ১৬ জন এই দুই অঞ্চলের। ৮৯ জন ক্রিকেটার পশ্চিম উত্তরপ্রদেশের ও আট জন দিল্লির। এই ছবি থেকে প্রমাণিত, সব অঞ্চলকে সমান সুযোগ দেওয়া হয় না।

অরবিন্দ হুঁশিয়ারি দিয়েছেন, যদি তাঁদের দাবি মানা না হয়, তা হলে সেপ্টেম্বর মাসে তরুণ ক্রিকেটারেরা আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন। তাঁদের একটাই লক্ষ্য। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে উঠে আসা ক্রিকেটারেরা যাতে রাজ্য দলে সমান সুযোগ পান। এই বিষয়ে অবশ্য উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা বা ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও মন্তব্য করেনি।

India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy