Advertisement
E-Paper

ইংল্যান্ডের কাছে চুনকাম, ভুল শোধরানোর বার্তা বাবরের, টেস্টের জন্য সেরা ১১ জনকে বেছে নিতে চান পাক অধিনায়ক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে পাকিস্তান। ইংল্যান্ড সিরিজ় থেকেই আবার অধিনায়ক করা হয়েছে বাবর আজ়মকে। তাতে অবশ্য লাভ কিছু হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৩
Picture of Cricket

বাবর আজ়ম। ছবি: এক্স।

ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ়ে চুনকাম হয়ে পর্যালোচনার কথা ভাবছেন বাবর আজ়ম। পাকিস্তান অধিনায়ক ভুল শুধরে নতুন করে শুরু করার বার্তা দিয়েছেন। তৃতীয় টেস্টেও ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে পাকিস্তান। ইংল্যান্ড সফরে পাকিস্তানকে বেশি সমস্যায় ফেলেছে ব্যাটিং এবং ফিল্ডিং।

বাবর মেনে নিয়েছেন, তাঁরা প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেননি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানের টেস্ট অধিনায়ক বলেছেন, ‘‘আমার মনে হয়, আমাদের বসে ভুলগুলো নিয়ে আলোচনা করতে হবে। কেমন একাদশ নিয়ে টেস্ট খেলা উচিত, তা পর্যালোচনা দরকার। সঠিক ক্রিকেটারদের বেছে নিতে হবে। কোচ, নির্বাচক সকলের সঙ্গে আলোচনা করে এবং সব দিক খতিয়ে দেখে সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার। সেরা ১১জনকে বেছে নিতে হবে আমাদের।’’

চতুর্থ ইনিংসে দ্রুত ইংল্যান্ডের ২ উইকেট তুলে নেওয়ার পরও কেন জো রুটদের চাপে ফেলা গেল না? বাবর বলেছেন, ‘‘হ্যাঁ, আমরা প্রথম ওভারে ২ উইকেট তুলে নিয়েও পারিনি। ওই ওভারের পর আমাদের বিশ্বাস বেড়ে গিয়েছিল। আমরা সব সময় বিশ্বাস নিয়েই মাঠে নামি। আসলে রুট আর জর্ডন কক্স দুর্দান্ত ব্যাট করেছে।’’

ইংল্যান্ড সফর নিয়ে বাবর বলেছেন, ‘‘এখানে আসার আগে আমাদের মাথায় অনেক কিছু ছিল। ভাবনা চিন্তা করে দল নির্বাচন করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে প্রথম দুটো টেস্ট হারের পর বেশ কিছু পরিবর্তন হয়েছে। ইংল্যান্ড সফর সব সময়ই ব্যাটারদের জন্য কঠিন হয়। প্রথম দু’টেস্টের পিচও বেশ কঠিন ছিল।’’

ব্যর্থতার মধ্যেও প্রাপ্তি খুঁজে পেয়েছেন বাবর। পাকিস্তান অধিনায়ক প্রশংসা করেছেন রাজ়াউল্লার অপরাউন্ড পারফরম্যান্সের। তিনি বলেছেন, ‘‘আমরা খুবই উপভোগ করেছি। আমার মনে হয়, রাজ়াউল্লার ব্যাটিং এবং বোলিং সকলেই উপভোগ করেছে। দুর্দান্ত প্রতিভা। তবে অভিজ্ঞতা কম। আমার তো মনে হচ্ছে, আমাদের জন্য ও দারুণ কার্যকর ক্রিকেটার হয়ে উঠবে। যে ভাবে ম্যাচটা খেলল, তাতে ওর আত্মবিশ্বাসও বাড়বে।’’

পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার উপর জোর দিয়েছেন বাবর। তরুণ সতীর্থদের সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন পাক অধিনায়ক। বাবর বলেছেন, ‘‘প্রতিটা সিরিজ় আলাদা। আপনি সব সময়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। কোন পরিস্থিতিতে কেমন ক্রিকেট খেলতে হবে, এই সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। এখানে পরিস্থিতি কঠিন ছিল। তা-ও আমরা তরুণদের সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। নতুনদের প্রতিভা কাজে লাগানোর চেষ্টা করেছি।’’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে পাকিস্তান। ইংল্যান্ড সিরিজ় থেকেই আবার অধিনায়ক করা হয়েছে বাবরকে। প্রথম সিরিজ়ে অবশ্য লাভ কিছু হয়নি পাকিস্তানের।

England Vs Pakistan Test Series Babar Azam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy