বেড়াতে গিয়ে সমস্যায় পড়েছেন লিটন দাস। চিনে বেড়াতে গিয়েছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। এই ঘটনার পর লিটনকে সমন পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাঁকে জবাবদিহি করতে বলা হয়েছে।
‘ক্রিকবাজ়’ জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটার লিটন বোর্ডের নিয়ম ভেঙেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে না জানিয়েই চিনে বেড়াতে গিয়েছিলেন তিনি। বাংলাদেশ বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটি লিটনকে তলব করেছে। তাঁকে জানাতে হয়েছে, কেন চোট সারার পরেই বোর্ডের কাউকে না জানিয়ে বা কোনও অনুমতি না নিয়ে চিনে বেড়াতে গিয়েছেন লিটন।
জানা গিয়েছে, লিটনের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। যদি লিটনের জবাবে বোর্ড সন্তুষ্ট না হয়, তা হলে শাস্তি পেতে পারেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে চোট পেয়েছিলেন লিটন। ফলে পরের টেস্ট সিরিজ়ে খেলতে পারেননি তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগ থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। জানা গিয়েছে, ২০ জুলাই সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল লিটনের। সেখানে তাঁর চোট খতিয়ে দেখার কথা ছিল। কিন্তু সেখানে না গিয়ে চিনে চলে যান লিটন। তাঁর এই কাজে বিরক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজির হয়েছিলেন লিটন। নিজের ব্যাখ্যা দিয়েছেন তিনি। এ বার বোর্ডের মেডিক্যাল কমিটির কাছে খতিয়ে দেখা হবে যে, লিটন যা বলছেন তা ঠিক কি না। যদি না হয়, তা হলে শাস্তি পেতে পারেন তিনি। এখন দেখার, এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনও পদক্ষেপ করে কি না।