Advertisement
E-Paper

মাঠের পিচ খারাপ, খেলোয়াড়দের থাকার ছোট ছোট ঘর, এশিয়ান গেমসের ক্রিকেট নিয়ে শুরুতেই হাজার প্রশ্ন

এশিয়ান গেমসে ক্রিকেট শুরু হতে এখনও তিন সপ্তাহ বাকি। তার আগেই এই ইভেন্ট নিয়ে অনেক প্রশ্ন উঠে গেল। জানা গিয়েছে, যে মাঠে ক্রিকেট খেলা হবে তার পিচ খারাপ। হোটেলের ঘর এতই ছোট যে ক্রিকেটারদের কিট ব্যাগ রাখারও জায়গা নেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৬ ১৬:২৫
cricket

এই মাঠেই হবে এশিয়াডের ক্রিকেট। ছবি: সমাজমাধ্যম।

এশিয়ান গেমসে ক্রিকেট শুরু হতে এখনও মাসখানেক বাকি। তার আগেই এই ইভেন্ট নিয়ে অনেক প্রশ্ন উঠে গেল। জানা গিয়েছে, যে মাঠে ক্রিকেট খেলা হবে তার পিচ খারাপ। শুধু তাই নয়, হোটেলের ঘর এতই ছোট ছোট যে ক্রিকেটারদের কিট ব্যাগ রাখারও জায়গা থাকবে না। মাঠে নেই সঠিক মানের সাজঘরও। ফলে এশিয়ার একাধিক প্রথম সারির দেশ পরিষেবা নিয়ে আপত্তি জানিয়েছে।

আর কয়েক সপ্তাহ পরেই জাপানের নাগোয়ার নিশিনে এশিয়ার অন্যতম সেরা ক্রিকেটারেরা খেলতে নামবেন। ভারতীয় দলে শ্রেয়স আয়ার, জসপ্রীত বুমরাহ, বৈভব সূর্যবংশীরা থাকবেন। কিন্তু তাঁরা কেমন পরিষেবা পাবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

কয়েক মাস আগেও বেসবল খেলা হত যে মাঠে, সেখানেই ক্রিকেট হবে। সকলের আগে এশীয় ক্রিকেট সংস্থাকে (এসিসি) আপত্তির কথা জানায় পাকিস্তান। এর পর ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান একে একে আপত্তির কথা জানাতে থাকে। ফলে এসিসি-কে প্রতিনিধি পাঠাতে হচ্ছে মাঠের তদারকি করার জন্য।

এক সূত্র বলেছেন, “খুবই অপরিণত একটা মাঠ। কেমন পরিষেবা পাওয়া যাবে জানি না। কয়েক দিন আগেই পিচ বসানো হয়েছে। মে মাসের একটা প্রতিযোগিতা ছাড়া সেই পিচে ক্রিকেটই খেলা হয়নি। ঠিকঠাক সাজঘরও নেই।”

একটি বৈঠকের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ভারতের অলিম্পিক্স সংস্থা এবং এশিয়াডের আয়োজক কমিটিকে বিষয়টি জানানো হয়েছে।

কোরোগি স্পোর্টস পার্কের মাঠে অস্থায়ী গ্যালারিতে মাত্র হাজার দুয়েক দর্শক থাকতে পারবেন। মাঠে সাধারণ ঘাসের পাশাপাশি পলিথাইলিন ফাইবার রয়েছে। মে-তে এশিয়া-প্যাসিফিক যোগ্যতা অর্জন পর্ব আয়োজিত হয়েছে ওই মাঠে। পিচ বেশ বাউন্সি।

ক্রিকেটারেরা থাকবেন ২০ কিলোমিটার দূরের একটি হোটেলে। অতীতের মতো এ বার কোনও গেমস ভিলেজ থাকছে না। ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়, ক্রিকেট ও ফুটবল দল এবং সফ্টবল দল থাকবে নাগোয়ার হোটেলে। এক কর্তা জানিয়েছেন, দু’জন ক্রিকেটারের ভাগ করে থাকার নিরিখে ঘর খুবই ছোট। নিজেদের কিটব্যাগ এবং মালপত্র রাখার পর দাঁড়ানোর জায়গা পাওয়াই মুশকিল।

এখন দেখার, এক মাসের মধ্যে সমস্যার সমাধান হয় কি না।

Asian Games 2026 BCCI Pakistan Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy